২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের ভূমিকা শত্রু রাষ্ট্রের মতো: ইনু

যুদ্ধাপরাধীর পক্ষ নিয়ে পাকিস্তান শত্রু রাষ্ট্রের ভূমিকা পালন করেছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2015, 08:21 PM

Updated : 12 Oct 2022, 04:38 PM

শুক্রবার শেরপুরে এক অনুষ্ঠানে জাসদ সভাপতি বলেন, পাকিস্তান যুদ্ধাপরাধী সালাউদ্দিন ও মুজাহিদের পক্ষ অবলম্বন করে বাংলাদেশ বিরোধী এবং মুক্তিযুদ্ধ বিরোধী ন্যাক্কারজনক ভূমিকা রেখেছে।

“এটি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করার সামিল, যা কোনো রাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য শিষ্টাচারবহির্ভূত।

“আমরা মনে করি পাকিস্তানের এই ভূমিকাটা অনেকটা শত্রু রাষ্ট্রের মতোই হয়েছে।”

সুতরাং এরকম পরিস্থিতিতে বাংলাদেশ সরকারের এবং বাংলাদেশের জনগণের পাকিস্তানের সঙ্গে সম্পর্কটা কোন পর্যায়ে থাকবে তা আবার পর্যালোচনা ও পুনর্বিবেচনা করা দরকার বলে মন্তব্য করেন তিনি। 

পৌর নির্বাচন সম্পর্কে তথ্যমন্ত্রী বলেন, ১৪ দল জোটগতভাবে  নির্বাচন করার সিদ্ধান্ত দেয়নি। সুতরাং জোটের শরিকদল স্ব স্ব অবস্থান থেকে দলীয় প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে।

এতে ১৪ দল ও মহাজোটের যুদ্ধাপরাধ, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িকতা বিরোধী যে ঐক্য তা অব্যাহত আছে বলে মনে করেন ইনু।

তথ্যমন্ত্রী বলেন, পাকিস্তানের পক্ষ নিয়ে যে সাড়ে ১২ হাজার লোক হত্যা, লুট, ধর্ষণ, অগ্নিসংযোগসহ জঘন্য অপরাধে জড়িয়ে পড়েছিল বঙ্গবন্ধু তাদের তালিকা ও গ্রেপ্তার করে বিচার শুরু করেছিলেন।

“আমরা মনে করি প্রাথমিকভাবে এই সাড়ে ১২ হাজার ব্যক্তির বিচারের কাজটা হতে নেওয়া যেতে পারে।”

জেলা জাসদের দ্বিবার্ষিক সম্মেলন উপলক্ষে তথ্যমন্ত্রী শুক্রবার বিকালে শেরপুর সার্কিট হাউসে স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

এ সময় জেলা প্রশাসক এএম পারভেজ রহিম, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা তথ্য অফিসের কর্মকর্তা ও শেরপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

এরপর সন্ধ্যায় তথ্যমন্ত্রী শেরপুর শহরের চকবাজার কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত জেলা জাসদের দ্বি-বার্ষিক সম্মেলনে যোগাদান করেন।

সম্মেলনে জাসদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শওকত রায়হান, জাতীয় শ্রমিক জোট সভাপতি ও জাসদের কার্যকরী কমিটির সদস্য শিরিন আক্তার, জেলা জাসদের সভাপতি মনিরুল ইসলাম লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

একাত্তরের যুদ্ধাপরাধের দায়ে গত রোববার প্রথম প্রহরে সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের মৃতুদণ্ড কার্যকর করার পর এক বিবৃতিতে উদ্বেগ প্রকাশ করে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের দুর্ভাগ্যজনক মৃত্যুদণ্ড কার্যকর আমরা গভীর উদ্বেগ ও বেদনার সঙ্গে লক্ষ্য করলাম।”

একাত্তরের যুদ্ধাপরাধের এই বিচারকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যায়িত করে এ নিয়ে ‘আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়ার’ কথা বলা হয় ওই বিবৃতিতে।

ওই ঘটনায় পাকিস্তানের হাই কমিশনারকে তলব করে ‘কড়া প্রতিবাদ’ জানিয়েছে বাংলাদেশ সরকার।