গাজীপুরের ডিসিকে কারণ দর্শানোর নোটিশ
অবৈধ স্থাপনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বিষয়ে আদালতের আদেশ না মানার কারণ ব্যাখ্যা করতে বলা হয়েছে গাজীপুরের জেলা প্রশাসককে।
গত ১৫ নভেম্বর উচ্চ আদালতের বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল আলম কামালের আদালত এ নোটিশ দেওয়ার আদেশ দেয়।
গাজীপুরের জেলা প্রশাসক (ডিসি) এসএম আলম বলেন, “আমার আগের ডিসি সাহেবের সময় ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদের একটি নোটিশ দেওয়া হয়েছিল।
“ওই সময় অবৈধ স্থাপনার তালিকাও করা হয়। মাঝখানে আদালত আর কিছু বলেনি। তবে দুই-চারদিনের মধ্যে আমরা ওইসব স্থাপনা উচ্ছেদ করে ফেলব।”
সুপ্রিম কোর্টের আইনজীবী ও কেন্দ্রীয় যুবলীগের কার্যনির্বাহী সহ-সম্পাদক হারুন-অর রশীদ ফরিদ জানান, গাজীপুরের শ্রীপুর উপজেলার ধনুয়া থেকে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পর্যন্ত ৫২ কিলোমিটার গ্যাসের পাইপ লাইন প্রকল্পের অনুমোদনের খবর পেয়ে এক শ্রেণির অসাধু চক্র অধিক ক্ষতিপূরণ পাওয়ার আশায় প্রকল্পের ম্যাপ অনুযায়ী ওই জমিতে অস্থায়ী ঘর বাড়ি নির্মাণ করে।
এর প্রেক্ষিতে গত ১৭ মে তিনি উচ্চ আদালতে একটি রিট পিটিশন দায়ের করেন বলে জানান।
ওই রিটের প্রেক্ষিতে আদালত ১৮ মে গাজীপুরের জেলা প্রশাসককে ওইসব অবৈধ স্থাপনা উচ্ছেদ, স্থাপনাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা ও সার্বিক বিষয়ে তদন্ত করে ত্রিশ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেয়।
“কিন্তু গত ছয় মাসেও ওইসব স্থাপনা উচ্ছেদপূর্বক আদালতে কোনো প্রতিবদেন জমা দেওয়া হয়নি।”
এ ব্যাপারে শ্রীপুরের গজারিয়া গ্রামের নূরুল আমিন বলেন, গ্যাস পাইপলাইনে আমার এক একর আবাদি জমি পড়েছে। আমার কাছ থেকে ওই জমি এক বছরের জন্য এক লাখ ২০ হাজার টাকায় ভাড়া নিয়েছেন ঢাকার উত্তরার মোস্তফা হাজী, গাজীপুরের মজিবুরর হমান, শ্রীপুর উপজেলার নয়ন ও আক্তারুল আলম মাস্টার।
তারা ইজারা নিয়ে ওইসব ঘর তুলেছেন বলে দাবি আমিনের।
এ ব্যাপারে প্রকল্পের পরিচালক মো. আবুল কালাম আজাদ বলেন, প্রকল্পের দ্বিতীয় ধাপে মানচিত্র অনুযায়ী যে জায়গা দিয়ে লাইনটি যাবে সেসব জায়গার ভিডিও চিত্র আগেই ধারণ করা হয়েছে।
অতএব ক্ষতিপূরণ তোলার আশায় ঘর তুলে থাকলে তারা ভুল করেছেন বলে জানান তিনি।
