ক্ষমা ‘চাইবেন না’ ‘নিরীহ’ মুজাহিদ
একাত্তরে নিষ্ঠুরতার জন্য যার মৃত্যুদণ্ডই ন্যায়বিচার বলে মন্তব্য এসেছে সর্বোচ্চ আদালতের কাছ থেকে, সেই আলী আহসান মো. মুজাহিদের কোনো ‘অন্যায়’ ছিল না বলে দাবি করেছেন তার ভাই।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেলের বড় ভাই দলের ফরিদপুর জেলা কমিটির নায়েবে আমির আলী আফজাল মোহাম্মদ খালেছ বলেছেন, রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষাও চাইবেন না মুজাহিদ।
বুধবার আপিলের রায় পুনর্বিবেচনায় মুজাহিদের আবেদন খারিজ হয়ে যাওয়ার পর এই প্রতিক্রিয়া আসে তার ভাইয়ের। তার দাবি, মুজাহিদ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।
একাত্তরে আলবদর কমান্ডার মুজাহিদের আইনি লড়াই শেষ হয়ে যাওয়ায় এখন মৃত্যুদণ্ড কার্যকরে আর কোনো বাধা নেই। শুধু রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাইতে পারেন তিনি।
খালেছ ফরিদপুরে সাংবাদিকদের বলেন, “সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত ও রাজনৈতিক প্রতিহিংসার শিকার মুজাহিদ। মুজাহিদ জামায়াতের গুরুত্বপূর্ণ পদে থাকার কারণে এ রায় দেওয়া হয়েছে। আমাদের পরিবার এ রায় প্রত্যাখ্যান করেছে।”
একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে সাংবাদিক, শিক্ষকসহ বুদ্ধিজীবী হত্যার পরিকল্পনা ও ইন্ধনের দায়ে ২০১৩ সালের মুজাহিদকে সর্বোচ্চ শাস্তির রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আপিলেও সে রায় বহাল থাকে। আপিলের রায়ে একাত্তরের আলবদর বাহিনী এবং এর কমান্ডার মুজাহিদের বিষয়ে বলা হয়, “মৌখিক ও দালিলিক সাক্ষ্য-প্রমাণে আমাদের কোনো দ্বিধা নেই, মুজাহিদের প্ররোচনায়, তারই নির্দেশনা, উসকানি ও সহায়তা এবং নেতৃত্বে আল বদর বাহিনী বিজয়ের পূর্ব মুহূর্তে বুদ্ধিজীবীদের অপহরণ ও হত্যা করে।
“এটা ঠাণ্ডা মাথার হিংস্রতা। তার উসকানিতে সংগঠিত এই ধরনের বর্বর, ভয়াবহ, নিষ্ঠুর অপরাধ কেবল হিটলারের গ্যাস চেম্বার গণহত্যার সঙ্গেই তুলনা করা যায়। পুরো পৃথিবী আল বদর বাহিনীর এই নিষ্ঠুরতা ও গণহত্যা দেখেছে।”
মুজাহিদের বড় ভাই আলী আফজাল মোহাম্মদ খালেছ
মুজাহিদ কোনো ‘অন্যায়’ করেননি দাবি করে তার ভাই খালেছ বলেন, “তাই সে ক্ষমা চাইবে না।”
এর আগে যে দুই যুদ্ধাপরাধীর ফাঁসির রায় কার্যকর হয়েছে, তারাও রাষ্ট্রপতির কাছে ক্ষমা চাননি। দণ্ডিত আব্দুল কাদের মোল্লা ও মো. কামারুজ্জামান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ছিলেন।
খালেছ বলেন, ‘নিরীহ’ ও ‘নিরপরাধ’ মুজাহিদকে সরকার আইনি প্রক্রিয়ায় মারার পরিকল্পনা বাস্তবায়ন করছে।
মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল থাকায় তাদের পরিবার থেকে কোনো কর্মসূচি দেওয়া হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “পরিবারের পক্ষ থেকে আমরা কিছুই করতে চাই না। তবে জামায়াত যে সব কর্মসূচি দেবে, তার সঙ্গে আমরা একমত পোষণ করবো।”
উচ্চ আদালতে মুজাহিদের মৃত্যুদণ্ড বহাল রেখে রায় ঘোষণার পরপর জামায়াত বৃহস্পতিবার সারাদেশে হরতাল ডেকেছে।
মুজাহিদের ছেলে আলী আহমেদ মাবরুর ক্ষমা ‘চাইবেন না’ ‘নিরীহ’ মুজাহিদ ঢাকায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তিনি কারাগারে বাবার সঙ্গে দেখা করে রায়ের বিষয়ে মতামত জানতে চাইবেন।
“আমরা নিজেরা এবং আমাদের আইনজীবীরা আমার বাবার সঙ্গে রেগুলার সাক্ষাৎ করতে চাই। মামলা সংক্রান্ত বিষয়ে বাবার মতামত কী, সেটি জানতে চাই।”
সাক্ষাতের বিষয়ে কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেও সাড়া পাননি বলে মাবরুরের অভিযোগ।
এ বিষয়ে ঢাকা কেন্দ্রীয় কারাগারের তত্ত্বাবধায়ক জাহাঙ্গীর কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মুজাহিদের পরিবার টেলিফোনে যোগাযোগ করেছিল।
“দেখা করার বিষয়ে টেলিফোনে জানতে চাইলে সেটা তো জানানো সম্ভব নয়। তারা কারাগারের সামনে এসে সাক্ষাৎ করতে চাইলে তখন আমরা অবস্থা বুঝে ব্যবস্থা নেব।”
লাশ ঠেকানোর ঘোষণা আওয়ামী লীগের
যুদ্ধাপরাধী জামায়াত নেতা মুজাহিদের লাশ ফরিদপুরে আনতে না দেওয়ার ঘোষণা দিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের স্থানীয় নেতারা।
বুধবার সর্বোচ্চ আদালত মুজাহিদের ফাঁসির রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের পরপরই ফরিদপুর সদর উপজেলা ও শহর শাখা আওয়ামী লীগের সভাপতিরা এই ঘোষণা দেন।
ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে যুদ্ধাপরাধী মুজাহিদের বাড়ি। সেই বাড়িতে থাকেন তার ভাই জেলা জামায়াতের নায়েবে আমির খালেছ।
মৃত্যুদণ্ড কার্যকর হলে মুজাহিদকে খাবাসপুরে পারিবারিক কবরস্থানে দাফনের একটি পরিকল্পনা থাকলেও এ বিষয়ে পরিবারের অন্যদের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন ভাই খালেছ। এজন্য বুধবার রাতেই ঢাকা রওনা হন তিনি।
মিষ্টি বিতরণ
মুজাহিদের ফাঁসিকাষ্ঠে যাওয়া নিশ্চিত হয়ে যাওয়ার পর ফরিদপুরে আনন্দ মিছিল হয়েছে, হয়েছে মিষ্টি বিতরণও।
ফরিদপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর রাজ্জাক মোল্লা বলেন, “যেই যুদ্ধাপরাধীর কারণে আমরা ফরিদপুরবাসী কলঙ্কের বোঝা বয়ে আসছি। ফাঁসির রায় কার্যকর হওয়ার পর তার মরদেহ ফরিদপুরের মাটিতে দাফন করতে দেব না।
“এটা হলে স্বাধীনতাকামী সকল মানুষ ও শহীদ মুক্তিযোদ্ধারদের অসম্মান করা হবে। তাই আমরা এটা প্রতিরোধ করব।”
ফরিদপুর শহর আওয়ামী লীগের সভাপতি নাজমুল ইসলাম খন্দকার লেভী বলেন, “যুদ্ধাপরাধীর লাশকে আমরা কোনোভাবেই ফরিদপুরে আনতে দেব না। প্রয়োজনে ফরিদপুরবাসীর সঙ্গে একাত্ম হয়ে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলব।”
মুজাহিদ বিএনপি-জামায়াত জোট সরকার আমলে মন্ত্রী হলেও কখনও ফরিদপুর থেকে নির্বাচন করে বিজয়ী হতে পারেননি।
যুদ্ধাপরাধী কাদের মোল্লার বাড়িও ফরিদপুরে। মৃত্যুদণ্ড কার্যকরের পর তাকে গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
