২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবলীগ নেতার গ্রেপ্তার চেয়ে যুবলীগ নেতার সড়ক অবরোধ

গাজীপুরে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে সংগঠনের আরেক নেতা দলবল নিয়ে প্রায় পৌনে এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছেন।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2015, 02:42 PM

Updated : 22 Aug 2022, 01:52 PM

বুধবার সকাল সোয়া ১০টা থেকে ১০টা ৫৫ মিনিট পর্যন্ত টঙ্গীর চেরাগ আলী ট্রাকস্ট্যান্ডের পাশে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কয়েকটি ট্রাক দিয়ে ব্যারিকেড সৃষ্টি করে বিক্ষোভ-সমাবেশ করেন টঙ্গী থানা যুবলীগ নেতা ফারুক মিয়া ওরফে পাইপ ফারুকের লোকজন।

তারা গাজীপুর সিটি করপোরেশনের ৫৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি শাহ আলমের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ এনে তার গ্রেপ্তার দাবি করেন।

টঙ্গী থানার পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই নেতার মধ্যে বিরোধ সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গাজীপুর জেলা ট্রাকমালিক সমিতির সভাপতি আব্দুর রশিদ সাংবাদিকদের বলেন, “শাহ আলম ও তার লোকেরা প্রতিটি ট্রাক থেকে টিকিট দিয়ে চাঁদা আদায় করেন।

“চাঁদা না দিলে মারধরসহ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেন।”

শাহ আলম সাংবাদিকদের বলেন, “বুধবার সকালে পাইপ ফারুকের দুই লোককে চাঁদাবাজির সময় হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়। এ কারণে ফারুকের লোকজন মহাসড়ক অবরোধ করেন।”

আটক গাজী সুলতান (৪২) ও জালাল মিয়াকে (৩৮) পরে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার।

অপরদিকে অবরোধের কারণে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে ঢাকার উত্তরা পর্যন্ত ১৫-১৬ কিলোমিটার যানজট সৃষ্টি হয়।

পরে পুলিশ বিষয়টি তদন্ত ও বিচারের আশ্বাস দিলে ব্যারিকেড তুলে নেন অবরোধকারীরা।

নাওজোড় মহাসড়ক পুলিশ ফাঁড়ির এসআই বাহার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩০-৪০ মিনিট বন্ধ থাকার পর ১০টা ৫৫ মিনিটে যান চলাচল শুরু হয়।