রাবিতে ৪ ‘শিবিরকর্মীকে’ পিটিয়ে পুলিশে সোপর্দ
নাশকতায় জড়িত অভিযোগ তুলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ হাবিবুর রহমান হলের চার ‘শিবিরকর্মীকে’ পিটিয়ে পুলিশে দিয়েছেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে বলে মতিহার থানা পুলিশ জানিয়েছে।
চার শিক্ষার্থী হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের মাস্টার্সের আব্দুল্লাহ, ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষের রাকিবুল হাসান ও আবু সাঈদ এবং গণিত দ্বিতীয় বর্ষের সাদ্দাম হোসেন।
শহীদ হবিবুর রহমান হলের কয়েকজন আবাসিক শিক্ষার্থী জানান, সোমবার রাতে হলের ১২৬ ও ১২৭ নম্বর কক্ষের আবাসিক শিক্ষার্থী আব্দুল্লাহ ও রাকিবুলকে ধরে হলের অতিথি কক্ষে নিয়ে আসেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
এরপর একই হলের ১৪২ ও ৪৩৮ নম্বর কক্ষ থেকে আবু সাঈদ ও সাদ্দামকে ধরে আনেন তারা।
রাবি ছাত্রলীগের সহ-সভাপতি মেহেদি হাসান রাসেল বলেন, “তারা সবাই শিবিরকর্মী। বিভিন্ন সময় তারা নাশকতার সঙ্গে জড়িত ছিল বলে আমরা জানতে পেরেছি। তাই তাদের ধরে পুলিশে দেওয়া হয়েছে।”
মতিহার থানার ওসি হুমায়ূন কবির বলেন, “তাদের থানায় রাখা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে।”
হল প্রাধ্যক্ষ অধ্যাপক এক্রাম উল্যাহ বলেন, “চারজন ছাত্রকে পুলিশে দেওয়া হয়েছে বলে শুনেছি। পুলিশ এ ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেবে। হলের পরিস্থিতি শান্ত রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।”
