মাগুরায় ৬শ ইয়াবা জব্দ, এক ‘মাদককারবারি’ গ্রেপ্তার
ঢাকা থেকে ছেড়ে আসা একটি বাস থেকে ৬০০ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
মাগুরার শালিখা উপজেলায় যাত্রীবাহী একটি বাস থেকে ছয়শ ইয়াবাসহ এক ‘মাদককারবারিকে’ গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে মাগুরা-যশোর সড়কের শালিখা থানার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান শালিখা থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন।
গ্রেপ্তার স্বপন সাহা (৪৭) যশোরের কেশবপুর উপজেলার মধ্যকুল গ্রামের বাসিন্দা।
ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “খবর পেয়ে ঢাকা থেকে ছেড়ে আসা ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাসে অভিযান পরিচালনা করে পুলিশ।”
তিনি বলেন, এ সময় বাসের যাত্রী স্বপন সাহার কাছ থেকে ৬০০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
এ বিষয়ে থানায় মাদক আইনে একটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
