২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

প্রবাসী স্বামী মোবাইল ফোনে তালাক দেওয়ার হুমকি দিলে ঘুমন্ত ছেলেকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন শিল্পী।

লক্ষ্মীপুরে সন্তান হত্যার দায়ে মায়ের যাবজ্জীবন

রায়ের পর আদালত প্রাঙ্গনে দণ্ডিত সাবিনা ইয়াসমিন শিল্পী।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2023, 05:17 PM

Updated : 06 Apr 2023, 05:38 PM

লক্ষ্মীপুরের সদর উপজেলায় শিশু সন্তান হত্যার দায়ে মাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও দায়রা জজ মো. রহিবুল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় দেন বলে জানান সরকারি কৌঁসুলি (পিপি) মো. জসিম উদ্দিন।

সাজাপ্রাপ্ত আসামি সাবিনা ইয়াসমিন শিল্পী সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চর ভুতা গ্রামের সৌদি আরব প্রবাসী আজিমুর রহমান আজিমের স্ত্রী।

মামলার বরাত দিয়ে পিপি বলেন, শিল্পী তার শ্বশুর-শাশুড়ি ও তিন বছর বয়সী ছেলে আয়ানকে নিয়ে সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নের চাঁদখালী গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন।

২০২১ সালের ২৬ সেপ্টেম্বর মোবাইল ফোনে শিল্পীর সঙ্গে তার স্বামী আজিমের ঝগড়া হয়। এক পর্যায়ে শিল্পীকে তালাক দেওয়ার হুমকি দেন আজিম। এতে ক্ষিপ্ত হয়ে শিল্পী তার ঘুমন্ত ছেলে আয়ানকে বটি দিয়ে গলাকেটে হত্যা করেন এবং ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

কিন্তু পাশের রুম থেকে শ্বশুর-শাশুড়ি এসে শিল্পীকে আটকায়। পরে পুলিশ গিয়ে শিশুটির মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠায় এবং শিল্পীকে আটক করে।

পরদিন আয়ানের দাদা মো. হুমায়ূন কবির বাদী হয়ে শিল্পীকে আসামি করে হত্যা মামলা করেন।

২০২২ সালের ২ অক্টোবর সদর থানার এসআই মো. সোহেল মিয়া মামলার তদন্তের প্রতিবেদন আদালতে জমা দেন। তারপর আদালত এই রায় ঘোষণা দিয়েছে।

রায়ে আদালত যাবজ্জীবনের পাশাপাশি শিল্পীকে ১০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দিয়েছে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।