বিএনপি নির্বাচনে এলে স্বাগতম, না এলে দায়ভার তাদের: হানিফ
সংবিধানের মধ্যে থেকে বিএনপির নির্বাচন নিয়ে পরামর্শ সরকার ও নির্বাচন কমিশন বিবেচনা করবে, বলেন হানিফ।
সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে স্বাগতম জানানো হবে; আর না নিলে দায়ভার তাদের উপর বর্তাবে বলে হুঁশিয়ার করেছেন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুব উল আলম হানিফ।
রোববার নোয়াখালীতে এক অনুষ্ঠানে হানিফ বলেন, আওয়ামী লীগের অধীনেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বর্তমান নির্বাচন কমিশন সে নির্বাচন পরিচালনা করবে।
তিনি বলেন, “সংবিধানের মধ্যে থেকে বিএনপি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করলে স্বাগতম, আর না করলে সে দায়ভার তাদের।”
বিএনপি এ সরকারের অধীনে নির্বাচন করবে না জানিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়ার দাবি জানিয়ে আসছে।
বিএনপি সংবিধানের মধ্যে থেকে নির্বাচন নিয়ে কোনো পরামর্শ দিলে সরকার এবং নির্বাচন কমিশন তা বিবেচনা করবে মন্তব্য করে হানিফ বলেন, “সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই।”
বিএনপির উদ্দেশে তিনি বলেন, যারা রাজাকারদের দোসর, পাকিস্তানের তাবেদার, যারা এখনও পাকিস্তানের আদর্শ ধারণ করে তাদের কথায় সংবিধানের পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই।
দুপুরে পাঁচগাও উচ্চ বিদ্যালয় মাঠে চাটখিল উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়। সম্মেলন উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক এ এইচ এম খায়রুল আনম চৌধুরী সেলিম; প্রধান অতিথি ছিলেন মাহবুব উল আলম হানিফ।
চাটখিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহামুদ স্বপন, জেলা যুগ্ম আহ্বায়ক শিহাব উদ্দিন শাহিন, সহিদ উল্যাহ খান সোহেল, নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচএম ইব্রাহিম ও জেলা সদস্য জাহাঙ্গীর আলম।
জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সহিদ উল্লাহ খান সোহেল জানান, বিকালে চাটখিল উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত কাউন্সিল অধিবেশনে জাহাঙ্গীর কবিরকে সভাপতি, বেলায়েত হোসেনকে সিনিয়র সহ-সভাপতি, নাজমুল হুদা শাকিলকে সাধারণ সম্পাদক ও মোহাম্মদ উল্যাহ পাটোয়ারীকে যুগ্ম সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।
কমিটির বাকিদের নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানান তিনি।
নয় বছর পর চাটখিল উপজেলা আওয়ামী লীগের এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে সর্বশেষ ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
