ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ প্রাণ গেল ৩ জনের
হরিণাকুণ্ডু উপজেলার গোবরাপাড়া গ্রামে মা-মেয়ে ও কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে কৃষক নিহত হয়েছেন।
বিদ্যুৎস্পৃষ্টে ঝিনাইদহে আলাদা স্থানে মা-মেয়েসহ তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
শনিবার সকালে হরিণাকুণ্ডু উপজেলার গোবরাপাড়া গ্রাম ও কালীগঞ্জ উপজেলার গোপীনাথপুর গ্রামে এসব ঘটনা ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
নিহতরা হলেন- হরিণাকুণ্ডু উপজেলার গোবরা পাড়া গ্রামের আমজাদ হোসেন মালিতার স্ত্রী মরিয়ম খাতুন (৬৫) ও তার মেয়ে তাসলিমা খাতুন (৩২) এবং কালীগঞ্জ উপজেলার গোপিনাথপুর গ্রামের কৃষক আব্দুল হালিম (৫০)।
গোবরাপাড়া গ্রামে নিহতদের প্রতিবেশী সেলিম হোসেন জানান, শুক্রবার রাতের কোনো একসময় বাড়ির উপর দিয়ে টানা বিদ্যুতের তার ছিঁড়ে মরিয়মের ঘর বিদ্যুতায়িত হয়েছিল। শনিবার সকালে তাসলিমা ঘুম থেকে উঠে বাড়ির বাইরে কাজ সেরে ঘরে প্রবেশের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
বিষয়টি টের পেয়ে মরিয়ম তার মেয়েকে বাঁচাতে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান বলে তিনি জানান।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে হরিণাকুণ্ডু থানার ওসি মো. আবু আজিফ জানান।
অপরদিকে কালীগঞ্জ থানার ওসি মাহবুবুর রগমান বলেন, সকালে গোপীনাথপুর গ্রামের কৃষক আব্দুল হালিম মাঠে কাজ করতে যাচ্ছিলেন।
পথে মাঠের একটি পুকুরের পাড়ে পড়ে থাকা বিদ্যুতায়িত তারে জড়িয়ে ঘটনাস্থলেই হালিম মারা যান বলে জানান তিনি।
এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মাহবুবুর।
