পিকআপের সঙ্গে মুখোমুখির পর রেল লাইনে বাস, ট্রেন চলাচল ব্যাহত ২ ঘণ্টা
দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে।
টাঙ্গাইলের কালিহাতীতে পিক-আপভ্যানের সঙ্গে সংঘর্ষের পর বাস সড়কের পাশে রেললাইনে উঠে পড়ায় ট্রেন চলাচল অন্তত দুই ঘণ্টা ব্যাহত হয়েছে।
শুক্রবার দুপুরে এ দুর্ঘটনার পর ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণাঞ্চলের ট্রেন যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
দুর্ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার (বুকিং) রেজাউল করিম জানান, দুপুর পৌনে ২টার দিকে ঢাকা-বঙ্গবন্ধু সেতু পূর্ব মহাসড়কের কালিহাতী উপজেলার কামাক্ষা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
“দুর্ঘটনার পর বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনে মৈত্রী এক্সপ্রেসসহ বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে। দুর্ঘটনা কবলিত বাসটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।”
স্থানীয়দের বরাতে রেজাউল করিম জানান, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ইউনিটি পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি মহাসড়কের কামাক্ষা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পিক-আপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
“এতে বাসটি মহাসড়কের পাশে রেললাইনে উঠে পড়ে। এতে বেশ কয়েকজন আহত হয়েছে।”
তিনি জানান, সংঘর্ষের ফলে দুর্ঘটনা কবলিত একটি বাস রেললাইনের উপর উঠে পড়ে। এর ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন স্টেশনে ভারতের মৈত্রী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন আটকা পড়ে।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার এসআই মশিউর রহমান জানান, এ দুর্ঘটনায় কেউ মারা যাননি। তবে বাসটির বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে চিকিৎসা দেওয়া হয়েছে। রেললাইনে উঠে পড়া বাসটি অপসারণ করা হয়েছে।
