হলের সিট নিয়ে আনন্দ মোহন কলেজে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
কলেজের ভাষা সৈনিক আবু সালেহ হলের দুইটি ব্লক ব্যবহারের অনুপযোগী হওয়ায় ভেঙে ফেলা হয়েছে। এই কারণে সিট সংকট তীব্র হয়।
ময়মনসিংহের আনন্দ মোহন কলেজে হলের সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন অন্তত পাঁচ জন।
বৃহস্পতিবার রাত ৮টার দিকে আনন্দ মোহন কলেজের জসীম উদ্দিন হলে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ।
কলেজের হল সুপার শাহজাহান শাজু বলেন, “হলের সিট দখল নিয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে মারামারি হয়েছে। শুনেছি বেশ কয়েকজন আহত হয়েছে। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।”
হল সুপার জানান, কলেজের তিনটি হোস্টেলের মধ্যে কাজী নজরুল ইসলাম হল ও ভাষা সৈনিক আবু সালেহ হলের প্রতি রুমে পাঁচ জন করে ছাত্র থাকেন। তবে, জসীম উদ্দিন হলের রুমে চার জন করে ছাত্র থাকেন।
এর মধ্যে কলেজের পুকুরের দুই পারে ভাষা সৈনিক আবু সালেহ হলের দুইটি ব্লক ব্যবহারের অনুপযোগী হওয়ায় ভেঙে ফেলা হয়েছে। এই কারণে সিট সংকট সৃষ্টি হয়।
এই কারণে হোস্টেল কমিটি জসীম উদ্দিন হলের প্রতি রুমে পাঁচ জন করে থাকার সিদ্ধান্ত দেয়। সেই অনুযায়ী হলের সিট বরাদ্দ দেওয়া হয়েছে।
শাহজাহান শাজু বলেন, “এর মধ্যে রাতে আনন্দ মোহন কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুস সাকিব জসীম উদ্দিন হলের ২০৪ নম্বর রুমে উঠতে যায়। এসব নিয়েই দুই গ্রুপের মাঝে মারামারি হয়েছে।
“কলেজ ক্যাম্পাসে গিয়েছিলাম। কিন্তু পরিস্থিতি খারাপ দেখে সেখান থেকে চলে আসি। সহকারী হোস্টেল সুপার বিষয়টি দেখছেন।”
হোস্টেলে কতগুলো রুম খালি আছে জানতে চাইলে তিনি বলেন, “হোস্টেল ২৮টি রুম খালি আছে। ওই রুমগুলো ছাত্রলীগের দুই পক্ষের দখলে আছে।”
এদিকে সংঘর্ষের বিষয়ে কলেজ ছাত্রলীগের আহ্বায়ক শেখ সজল বলেন, “হোস্টেল কমিটি সিদ্ধান্ত দিয়েছে ফজলুল হক হলে পাঁচ জন করে থাকবে। কিন্তু, আরহান খান ছোটন ও তার ছেলেরা হোস্টেল কমিটির সিদ্ধান্ত মানছে না।
“এর মধ্যে কলেজ ছাত্রলীগের যুগ্ম-আহ্বায়ক নাজমুস সাকিবকে ফজলুল হক হলের ২০৪ নম্বর রুম বরাদ্দ করা হয়। নাজমুস সাকিব ২০৪ নম্বর রুমে যেতেই সোহাগ আলম, তানভীর আহমেদ, নাহিদ তাকে মারধর করে।
“আমরা জানতে পেরে ঘটনাস্থলে গেলে ওরা দেশীয় অস্ত্র নিয়ে আমাদের উপরও হামলা করে। পরে সেখান থেকে আমরা চলে আসছি।”
তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগের এক পক্ষের নেতা আরহান খান ছোটন বলেন, “নতুন বছরে হোস্টেলে ৫০-৬০টি সিট খালি হয়েছে। তবে ওই সিটগুলো কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটির আহ্বায়ক শেখ সজল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর জোর করে দখল করায় হোস্টেলে সিট সঙ্কট সৃষ্টি হয়েছে।
“এজন্য ফজলুল হক হলেও চার জনের জায়গায় পাঁচ জন থাকার সিদ্ধান্ত দেয় হোস্টেল কর্তৃপক্ষ। কিন্তু সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি মেনে না নিয়ে প্রতিবাদ করেছে। এর জেরে শেখ সজল ও ওমরের নেতৃত্বে ২০০-৩০০ বহিরাগত দেশীয় অস্ত্র নিয়ে সাধারণ ছাত্রদের উপর হামলা করে।”
হামলায় মাজাহারুল ইসলাম ফয়েজ, সোহাগ আলম, তানভীর আহমেদ, নাহিদ আলমসহ পাঁচ জন আহত হয়েছেন। গুরুতর আহত মাজাহারুল ইসলাম ফয়েজকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
তিনি আরও দাবি করেন, “কলেজের ছাত্রলীগের আহ্বায়ক কমিটি একটি পক্ষ মেনে নেয়নি। এসব নিয়ে আহ্বায়ক কমিটির সঙ্গে দ্বন্দ্ব চলে আসছে।”
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “কলেজের ছাত্র হিসেবে বরাদ্দ পাওয়া সিটে উঠতে গিয়ে নাজমুস সাকিবের ওপর হামলা হয়েছে। আমরা খোঁজখবর নিয়ে দায়ীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেব।”
আনন্দ মোহন কলেজের অধ্যক্ষ মো. আমান উল্লাহ বলেন, “ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে পাঁচ-ছয়জন শিক্ষার্থী আহত হয়েছেন। রাতেই তাদের দেখতে হাসপাতালে গিয়েছি। তাদের চিকিৎসার বিষয়ে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।”
অধ্যক্ষ আরও বলেন, হলের সিট নিয়ে নয় মূলত কলেজ ছাত্রলীগের দুই পক্ষের পূর্বের দ্বন্দ্ব থেকে এই ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।
এ ছাড়া সংঘর্ষের জন্য দায়ীদের চিহ্নিত করতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।
ওসি শাহ কামাল আকন্দ বলেন, আনন্দ মোহন কলেজে এখন পরিস্থিতি শান্ত আছে।
