২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কনস্টেবল মনিরুজ্জামানের দাফন সম্পন্ন

মনিরুজ্জামনের বাবা আবুল কাসেম তালুকদার বলেন, ছেলের মৃত্যুতে তিনি খুবই অসহায় হয়ে পড়েছেন।

ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত কনস্টেবল মনিরুজ্জামানের দাফন সম্পন্ন

নিহত কনস্টেবল মো. মনিরুজ্জামান

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2023, 09:18 PM

Updated : 02 Jul 2023, 09:18 PM

রাজধানীর ফার্মগেট এলাকায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল মনিরুজ্জামান তালুকদারের দাফন শেরপুরে তার গ্রামের বাড়িতে সম্পন্ন হয়েছে।

রোববার সকাল সোয়া ৯টায় শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুরুয়া পশ্চিমপাড়া নিমতলা ঈদগাহ মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

এ সময় এলাকাবাসী ও তার পরিবারের সদসরা মনিরুজ্জামানের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

কনস্টেবল মনিরুজ্জামান শ্রীবরদী উপজেলা কৃষক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাসেম তালুকদারের ছেলে। তিনি ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগে ট্রাফিক কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

মনিরুজ্জামানের স্ত্রী রুমি আক্তার ছেলে আব্দুল্লাহ (৪) এবং আব্দুর রহমানকে (১) নিয়ে কুরুয়া পশ্চিমপাড়া গ্রামের বাড়িতে থাকেন।

শনিবার ভোরে রাজধানীর ফার্মগেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে তিনি নিহত হন। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

গভীর রাতে গ্রামের বাড়িতে মনিরুজ্জামানের লাশ এসে পৌঁছায়। এ সময় স্বজনদের কান্না আর আহাজারিতে সেখানকার বাতাস ভারি হয়ে উঠেছে।

Image

দুই ছেলের সঙ্গে কনস্টেবল মনিরুজ্জামান তালুকদার।

মনিরুজ্জামানের জানাজায় শ্রীবরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান এ ডি এম শহিদুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডের সাবেক কমান্ডার আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সালাহউদ্দিন ছালেম, জেলা কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির, পুলিশসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মনিরুজ্জামনের বাবা আবুল কাসেম তালুকদার বলেন, ছেলের মৃত্যুতে তিনি খুবই অসহায় হয়ে পড়েছেন। এখন কীভাবে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাবেন তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।

এ ব্যাপারে তিনি প্রধানমন্ত্রীর কাছে প্রয়োজনীয় সহযোগিতার আবেদন জানান। সেই সঙ্গে ছেলের হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শান্তির দাবি করেন।

২০০২ সালের ২ সেপ্টেম্বর মনিরুজ্জামান তালুকদার পুলিশ বাহিনীতে যোগদান করেন। তিন বছরে ধরে তিনি ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগে কর্মরত ছিলেন।

আরও পড়ুন:

পুরনো খবর:

কনস্টেবল মনিরুজ্জামান খুন ‘ছিনতাইকারীর’ হাতে, গ্রেপ্তার ৪
ঈদের ছুটি শেষে চির ছুটিতে কনস্টেবল মনিরুজ্জামান
ছুটি শেষে ঢাকায় ফিরে ছুরিকাঘাতে নিহত পুলিশ কনস্টেবল
পুলিশ সদস্য খুন: তেজগাঁও থানার এসআই মাসুদুর সাময়িক বরখাস্ত