টিকটকে অভিযোগ জানিয়ে যুবকের আত্মহত্যা
ওসি বলেন, “ছেলেটা আগে থেকেই অভিমানী ছিল। ছেলেটা মারা যাওয়ার আগে আমাদের জানায়নি যে ছেলেপুলে তাকে মেরেছে।”
পাওনা টাকা চাওয়ায় মারধরের শিকার হওয়ার অভিযোগ জানিয়ে টিকটকে ভিডিও পোস্ট করে আত্মহত্যা করেছেন ফরিদপুরের বোয়ালমারীর এক যুবক।
স্বদেশ সরকার নামের ২৬ বছর বয়সী ওই যুবক উপজেলার চতুল ইউনিয়নের পোয়াইল গ্রামের স্বপন সরকারের ছেলে।
পুলিশ ও পরিবারের সদস্যরা জানান, ওই গ্রামের তরুণ রিয়াজ কিছু দিন আগে স্বদেশের কাছ থেকে ১৫০ টাকা ধার নেয়। রিয়াজ উপজেলার চতুল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাসমত আলীর ভাই জাকারিয়ার ছেলে।
গত সোমবার রিয়াজের কাছে পাওনা টাকা চাইলে তিনি টাকা না দিয়ে স্বদেশকে মারধর করেন বলে পরিবারের ভাষ্য। এ ঘটনায় মর্মাহত স্বদেশ বুধবার রাত ১০টার দিকে নিজের বাড়ির ঘরের আড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
আত্মহত্যার আগে টিকটকে এক মিনিট পঁয়ত্রিশ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন স্বদেশ। সেখানে তিনি বলেন, “আমাদের গ্রামের জাকারিয়ার ছোট ছেলে রিয়াজ। সে আমার কাছ থেকে ১৫০ টাকা নিয়ে টাকা দেয় নাই। আরো আমাকে মেরেছে।
“আমি টাকা চাইলে বলে কীসের টাকা। আমাকে মারছে ভাই, ঘুষি মারছে। সবার সামনে। আমার পক্ষে কেউ একটা কথা বললো না। আমি পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলছি- বিচারটা যেন আমি পাই। আপনারা এই ভিডিওটা শেয়ার করে দেন যাতে পুলিশ প্রশাসন দেখতে পায়।”
পরে পুলিশ খবর পেয়ে স্বদেশের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
বোয়ালমারী থানার এসআই উত্তম কুমার সেন বলেন, “স্বদেশকে মারধরের বিষয়ে স্থানীয়রা অভিযোগ করেছেন। আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছি।”
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বোয়ালমারী থানার ওসি মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, “ছেলেটা আগে থেকেই অভিমানী ছিল। ছেলেটা মারা যাওয়ার আগে আমাদের জানায়নি যে ছেলেপুলে তাকে মেরেছে। মারা গেলে তার বাবা মৃত্যুর সংবাদ দিলে অপমৃত্যুর মামলা হয়েছে।
“মৃত্যুর সঠিক কারণের জন্য লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়েছে। অন্য কোনো বিষয় আছে কি-না পুলিশ তদন্ত করে দেখবে।”
মারধরের অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে রিয়াজের চাচা হাসমত আলী বলেন, “আমি এ ব্যাপারে কিছু জানি না। ওই ছেলেটা মারা যাওয়ার পরে শুনেছি রিয়াজ ওকে মেরেছিল।”
