২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

চামড়ার অপচয় রোধে কুড়িগ্রামে পশুর হাটেই লবণ বিক্রি

গরুর হাটে বসানো পয়েন্ট থেকে ৪০ টাকা কেজি দরে লবণ বিক্রি করা হচ্ছে।

চামড়ার অপচয় রোধে কুড়িগ্রামে পশুর হাটেই লবণ বিক্রি

প্রশাসনের এমন উদ্যোগে সাড়া দিয়ে কাঁঠালবাড়ী হাটে শুরুর দিনই পশুর সঙ্গে সঙ্গে লবণও কিনেছেন অনেক ক্রেতা।

কুড়িগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2023, 02:35 PM

Updated : 23 Jun 2023, 02:35 PM

কোরবানির পশুর চামড়ার অপচয় রোধ করতে কুড়িগ্রামে কোরবানির পশুর হাটে সুলভ মূল্যে লবণ বিক্রির বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা ও উপজেলা প্রশাসন।

শুক্রবার সদর উপজেলার কাঁঠালবাড়ী হাটে এই কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন উপজেলার নির্বাহী অফিসার রাসেদুল হাসান।

তিনি জানান, গরুর হাটের পাশাপাশি লবণ বিক্রয়ের জন্য পয়েন্ট করা হয়েছে। এই পয়েন্ট থেকে ৪০ টাকা কেজি দরে লবণ বিক্রি করা হচ্ছে।

এ ছাড়া হাটের মাইকে গরু ক্রয়ের সঙ্গে যারা চামড়া সংরক্ষণের জন্য লবণ কিনতে উদ্ধুদ্ধ করা হচ্ছে। 

রাসেদুল বলেন, “জবাইকৃত পশুর চামড়া রাষ্ট্রীয় সম্পদ। দেশের প্রত্যন্ত এলাকার পশুর চামড়া ঢাকার ট্যানারি কারখানাগুলোতে পৌঁছাতে বেশ কয়েক দিন সময় লেগে যায়। 

“অনেক সময় সঠিকভাবে সংরক্ষণ প্রক্রিয়া অনুসরণ না করার কারণে অনেক চামড়া নষ্ট হয়ে যায়। এতে রাষ্ট্রীয় সম্পদের অপচয় হয়। তাই বিভাগীয় কমিশনারের নির্দেশনায় কুড়িগ্রাম জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসন চামড়া সংরক্ষণে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।”

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে,  এই কর্মসূচি সফল করতে চামড়া ব্যবসায়ী,  জনপ্রতিনিধি,  বাজারের ইজারাদার ও সংশ্লিষ্টদের নিয়ে জেলা ও উপজেলা পর্যায়ে সভা করা হয়েছে।

প্রশাসনের এমন উদ্যোগে সাড়া দিয়ে শুরুর দিনই চামড়া সাময়িকভাবে সংরক্ষণের জন্য পশুর সঙ্গে সঙ্গে লবণও কিনেছেন অনেক ক্রেতা।

তেমনি দুই ক্রেতা কাঁঠালবাড়ীর শিবরাম গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম ও দুলাল হোসেন।

প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে তারা বলেন, এভাবে আগে কখনো চামড়ার জন্য লবণ কেনা হয়নি। ফলে হঠাৎ যদি প্রয়োজন হয়, তখন না পেয়ে দুর্ভোগে পড়তেন। এখন হাতের কাছে পেয়ে সুলভে ও সহজে নিয়ে যাচ্ছেন তাতে আর ঝামেলা পোহাতে হবে না।    

কাঁঠালবাড়ী হাটের ইজারাদার মাহবুব আল হোসাইন বলেন, “অনেক সময় লবণ সংকটে কোরবানির পশুর চামড়া নষ্ট হয়। প্রশাসনের এই উদ্যোগের ফলে চামড়ার মতো মূল্যবান সম্পদের অপচয় কমবে।”