২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যবসায়ীকে কবরস্থান থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

নিহতের বুক ও পিঠে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।

ব্যবসায়ীকে কবরস্থান থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার, হাসপাতালে মৃত্যু

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2023, 10:50 AM

Updated : 02 Feb 2023, 10:54 AM

মুন্সীগঞ্জের শ্রীনগরে এক ব্যবসায়ীকে কবরস্থান থেকে ক্ষত-বিক্ষত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন।

উপজেলার জশুরগাঁও এলাকায় বুধবার রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে শ্রীনগর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান।

নিহত ৬৪ বছর বয়সী সত্যরঞ্জন দত্ত’র বাড়ি ওই এলাকায়।

তিন কন্যা সন্তানের এ জনক স্থানীয় এম রহমান শপিং কমপ্লেক্সের পূর্ব পাশে কুড়া-ভূষির ব্যবসা করতেন বলে পুলিশ জানিয়েছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি বলেন, সত্যরঞ্জন দত্ত প্রতিদিন সন্ধ্যায় বাড়ি ফেরেন। কিন্তু বুধবার সন্ধ্যা গড়িয়ে যাওয়ার পরও তিনি না ফেরায় বাড়ির লোকজন তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে। এক পর্যায়ে বাড়ির পাশে একটি কবরস্থানে তাকে ক্ষত-বিক্ষত অবস্থায় পাওয়া যায়।

পরে সত্যরঞ্জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান এ পুলিশ কর্মকর্তা।

তিনি বলেন, নিহতের বুকে তিনটি ও পিঠের ডান ও বাম পাশে দুটিসহ মোট পাঁচটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় জড়িতদের ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।