ব্রাহ্মণবাড়িয়ায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৭
গুরুতর আহত তসলিম রেজা ও মুক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা যুবলীগ নেতা ও ইউপি সদস্যের পক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আহত হয়েছেন সাত জন।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানান কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিউদ্দিন।
গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কসবা উপজেলার আহ্বায়ক মান্নান জাহাঙ্গীর জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জেলা যুবলীগের সদস্য তসলিমুর রেজা ও গোপীনাথপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড সদস্য মুক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
এর সূত্র ধরে বৃহস্পতিবার বিকালে গোপীনাথপুর বাজারে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। এ সংবাদ ছড়িয়ে পড়লে উভয় পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
সংঘর্ষে দুই পক্ষের সাত জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত তসলিম রেজা ও মুক্তার হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। অন্যরা স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংঘর্ষে একটি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।
তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান ওসি।
