২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮ আশ্বিন ১৪৩৩

নড়াইলে আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, ৫ জন গুলিবিদ্ধসহ আহত ১০

পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 23 Sep 2026, 01:44 PM

Updated : 23 Sep 2026, 02:32 PM

নড়াইলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে পাঁচজন গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছেন।

বুধবার সকাল ৯টার দিকে নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার জানান।

স্থানীয়রা জানান, আহতদের প্রথমে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে গুলিবিদ্ধদের উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক গোলাম রাব্বী বলেন, সংঘর্ষে আহত দশজনকে হাসপাতালে আনা হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ।

পুলিশ ও স্থানীয়রা বলছে, কলাবাড়িয়া গ্রামের এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সোহেল মেম্বার ও আবেদ গ্রুপের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে সকালে দুপক্ষের মধ্যে প্রথমে উত্তেজনা তৈরি হয় এবং এক পর্যায়ে সংঘর্ষ বেধে যায়।

এ সময় গুলি ও হামলায় উভয় পক্ষের দশ জন আহত হন। তাদের মধ্যে পাঁচজন শর্ট গানের গুলিতে আহত হয়েছেন।

গুলিবিদ্ধরা হলেন- কলাবাড়িয়া গ্রামের ইসরাফিল শিকদার (৫০), রাসেল শেখ (৩০), মতিউর রহমান (৪৫), মুক্তি শেখ (৪০) ও হাসান শেখ (২৫)।

পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, বিশৃঙ্খলা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।