নেত্রকোণায় ‘রাস্তায় মাটিকাটা’ নিয়ে সংঘর্ষে কিশোর নিহত
সড়কের পাশের জমি থেকে মাটি কাটাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষে ওই কিশোর আহত হয় বলে জানায় পুলিশ।
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার আগিয়া ইউনিয়নের পশ্চিম বুধী গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন পূর্বধলা থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম।
নিহত ১৭ বছর বয়সি রেজাউল ইসলাম ওরফে টিটু ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। সে স্থানীয় একটি স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। তবে আটক দুইজনের নাম-পরিচয় জানায়নি পুলিশ।
স্থানীয়দের বরাতে ওসি রাশেদুল বলেন, বুধী-স্যাতাটি রাস্তায় প্রকল্পের মাটি কাটাকে কেন্দ্র করে সড়কের পাশের জমি মালিক আব্দুল হাকিম ও তার লোকজনের সঙ্গে উপজেলা ছাত্রলীগের এক নেতা ও তার লোকজনের কথাকাটাকাটি হয়।
এক পর্যায়ে ওই নেতা ও তার লোকজনের সঙ্গে হাকিমের লোকজনের সংঘর্ষ বেধে যায়। এতে হাকিমের ভাতিজা টিটু আহত হয়। পরে তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, নিহতের খবর এলাকায় ছড়ালে স্বজনরা ওই নেতার বাড়িঘরে হামলা চালায়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। জিজ্ঞাসাবাদের দুইজনকে আটক করা হয়েছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নেত্রকোণা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি রাশেদুল।
