মানিকগঞ্জে হেরোইনসহ ২ ‘মাদক কারবারি’ গ্রেপ্তার
গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানিয়েছেন ডিবি কর্মকর্তা।
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় হেরোইনসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক মামলার আসামি দু’জনকে ‘মাদক কারবারি’ বলছে ডিবি পুলিশ।
বুধবার রাতে উপজেলার চর সাটুরিয়া থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জেলা ডিবির ইনচার্জ আবুল কালাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বৃহস্পতিবার সকালে ডিবি কর্মকর্তা কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির একটি দল চর সাটুরিয়া থেকে ধামরাই উপজেলার নান্দেশ্বরী গুচ্ছ গ্রাম এলাকার মো. মামুন মিয়া (৩৬) এবং একই এলাকার শুকুর আলী (৩৪)কে আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।
এ ঘটনায় সাটুরিয়া থানায় একটি মামলা করা হয়েছে। এছাড়া গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলেও জানান এই ডিবি কর্মকর্তা।
