বরিশালে ডেঙ্গুতে এক বৃদ্ধার মৃত্যু, নতুন আক্রান্ত ২৭৩ জন
এ পর্যন্ত বরিশাল বিভাগে ডেঙ্গুতে ২৪ জন প্রাণ হারিয়েছেন।
বরিশালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ২৭৩ জন।
সোমবার রাতে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধা মারা যান বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানান।
মৃত ৭৫ বছর বয়সি সকিনা বেগম বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।
স্বাস্থ্য পরিচালক শ্যামল জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ পর্যন্ত বরিশাল বিভাগে ২৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৬ জন, ভোলায় চার, বরগুনায় দুই ও পিরোজপুরে দুই জন মারা গেছেন। মৃত ২৪ জনের মধ্যে ১৮ জনই নারী।
বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য মতে, সোমবার বেলা ১২টা থেকে মঙ্গলবার বেলা ১২টা পর্যন্ত নতুন করে ডেঙ্গুতে আরও ২৭৩ জন আক্রান্ত হয়েছেন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন এক হাজার ১০ জন রোগী।
চলতি বছরের জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের দুই মেডিকেল কলেজ হাসপাতাল, ছয় জেলা সদর ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নয় হাজার ৯৪৭ জন ভর্তি হয়েছেন; এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আট হাজার ৯১৩ জন।
আরও পড়ুন:
