১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গাজীপুরে ‘জাল টাকাসহ’ গ্রেপ্তার ২ যুবক কারাগারে

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, এক লাখ টাকার জাল নোট ১৫ হাজারে বেচাকেনা করেন তারা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 02:25 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

গাজীপুরে চার লাখ ৯২ হাজার সমমানের জাল টাকাসহ দুই যুবককে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে। 

রোববার রাত দেড়টার দিকে গাজীপুর মহানগরীর গাছা থানার উত্তর খাইলকুর এলাকায় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 

সোমবার বিকালে ৩টার দিকে টঙ্গী পূর্ব থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইব্রাহীম খান এসব জানিয়েছেন। 

গ্রেপ্তাররা হলেন, ভোলার বোরহান উদ্দিন থানার পক্ষিয়া গ্রামের রুহুল আমিনের ছেলে শিবলু (৩৯) ও কুমিল্লা জেলার বুড়িচং থানার ছয়গ্রাম এলাকার মমিন মিয়ার ছেলে রাকিবুল হাসান (২৭)।

এ ঘটনায় জড়িত থাকায় শিবলুর স্ত্রী মিনারা ও আনিস নামে তাদের এক সহযোগীকে আসামি করে মোট চারজনের বিরুদ্ধে গাছা থানায় মামলা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রোববার রাতে উত্তর খাইলকুর এলাকার ছয়তলা বাড়ির চারতলার একটি কক্ষে জাল নোট বেচাকেনার তথ্য পায় পুলিশ। পরে ওই ভবনটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানান, এক লাখ টাকার জাল নোট ১৫ হাজারে বেচাকেনা করেন তারা। 

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানের বাজারে জাল নোটগুলো ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা ছিল তাদের। 

সংবাদ সম্মেলনে বলা হয়, সোমবার তাদের বিরুদ্ধে গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে। একই অপরাধে তাদের বিরুদ্ধে বাসন থানায় একটি মামলা রয়েছে। পরে আদালতের মাধ্যমে গ্রেপ্তারদের কারাগারে পাঠানো হয়।

সংবাদ সম্মেলনে আরও ছিলেন, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) হাফিজুর, গাছা থানার ওসি জিয়াউর রহমান।