২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গ্রেপ্তারের তিন ঘণ্টা পর মুক্ত সিলেটের বিএনপি নেতা মুক্তাদির

গ্রেপ্তারের পর আইনজীবীরা থানায় জামিনের কাগজ দেখালে সন্ধ্যায় মুক্তাদিরকে ছেড়ে দেয় পুলিশ।

গ্রেপ্তারের তিন ঘণ্টা পর মুক্ত সিলেটের বিএনপি নেতা মুক্তাদির

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2023, 09:32 PM

Updated : 08 Apr 2023, 09:32 PM

সিলেটে গ্রেপ্তারের তিন ঘণ্টা পর ছাড়া পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির।

থানায় জামিনের কাগজ প্রদর্শন করলে শনিবার সন্ধ্যায় তাকে ছেড়ে দেওয়া হয় বলে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস জানান।

তিনি জানান, বিকালে নাশকতা মামলায় মুক্তাদিরকে সিলেট ওসমানী বিমানবন্দরের সামনে থেকে গ্রেপ্তার করে পুলিশ। তবে এ মামলায় জামিনে ছিলেন তিনি।

“গ্রেপ্তারের পর তার আইনজীবীরা থানায় রি-কল দেখালে সন্ধ্যায় তাকে ছেড়ে দেয় পুলিশ।”

সিলেট কোতোয়ালি মডেল থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, ২০১৮ সালের একটি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন খন্দকার মুক্তাদির।

কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ

এদিকে সিলেটে বিএনপির অবস্থান কর্মসূচিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।

বিএনপির কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার নগরীর তিন স্থানে অবস্থান কর্মসূচির আয়োজন করে মহানগর কমিটি।

শনিবার সন্ধ্যায় মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন অভিযোগ করেন, পাঠানটুলা ও উপশহর এলাকায় পুলিশি বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি নেতাকর্মীরা।

এ বিষয়ে সিলেট নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) সুদীপ দাস বলেন, “বিএনপিকে ইনডোরে তাদের কর্মসূচি পালন করতে বলা হয়েছে। নগরীর একাধিক স্থানে ইনডোরের মধ্যে তারা কর্মসূচি পালন করেছে।

“সেইসব কর্মসূচিতে কোনো বাধা দেওয়া হয়নি। তবে পাঠানটুলা এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে।”