২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্রদলের মশাল মিছিলে যুবলীগের গুলির অভিযোগ

এতে মিছিলে থাকা অন্তত ১০ জন আহত হওয়ার দাবি করা হচ্ছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2023, 07:11 PM

Updated : 22 Nov 2023, 07:11 PM

ষষ্ঠ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার অবরোধের সমর্থনে ফেনীতে ছাত্রদলের মশাল মিছিলে ‘যুবলীগের নেতাদের গুলির’ অভিযোগ পাওয়া গেছে। এতে মিছিলে থাকা অন্তত ১০ জন আহত হওয়ার দাবি করা হচ্ছে।  

গত মঙ্গলবার রাতে ফেনী শহরের বড় মসজিদ সংলগ্ন তাকিয়া রোডে এ ঘটনা ঘটে বলে অভিযোগ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোরশেদ আলম মিলনের। 

তিনি অভিযোগ করেন, “অবরোধের সমর্থনে ছাত্রদলের নেতাকর্মীরা শান্তিপূর্ণ মশাল মিছিল নিয়ে শহরের বড় মসজিদ এলাকায় পৌঁছলে স্থানীয় যুবলীগ নেতার নেতৃত্বে একদল যুবক মিছিলে গুলি ছুড়েন। এতে আমাদের অন্তত ১০ নেতা-কর্মী আহত হয়েছেন।

“তাদের মধ্যে‌ ছাত্রদল নেতা মোহন ও লিটন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন।”

পুলিশের ‘মামলা আতঙ্কে’ অন্য আহতদের নাম প্রকাশের ক্ষেত্রে অপারগতার কথা জানান তিনি। 

মিছিলে মিলনসহ জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন রিয়াদ, যুগ্ম সম্পাদক শওকত আলী জুয়েল, ফেনী সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন, সদস্যসচিব নজরুল ইসলাম, পৌর ছাত্রদলের সদস্যসচিব ইব্রাহিম হোসেন ইবু, সোনাগাজী উপজেলা ছাত্রদলের সদস্যসচিব নূর আলম সোহাগ, ফেনী সরকারি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন সাগর এবং সানি মজুমদারসহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা ছিলেন।

ফেনী পৌর বিএনপির সদস্যসচিব মেসবা উদ্দিন ভূঁইয়ার অভিযোগ, “যুবলীগ নেতা বাবলু (বালিগাঁও) প্রকাশ্যে শর্টগান হাতে মহড়া দিয়ে ছাত্রদল নেতা-কর্মীদের ওপর গুলি ছুড়েন।”

গুলি ছোড়ার একটি সিসিটিভি ফুটেজ ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে বলে দাবি তার। 

এদিকে, মিছিলের পর বড় মসজিদ এলাকায় কয়েকটি হাতবোমার বিস্ফোরণ ঘটলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 

ফেনী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চৌধুরী আহমেদ রিয়াদ আজিজ রাজিবের কাছে যুবলীগ নেতার নেতৃত্বে গুলি ছোড়ার বিষয়টি জানতে ফোন করা হলে এ বিষয়ে কিছু জানা নেই বলে তিনি দাবি করেন।

ফেনী মডেল থানার ওসি মো. শহিদুল ইসলাম চৌধুরী বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে কাউকেই পাননি।  

ফেনী পুলিশ সুপার (এসপি) জাকির হাসানের বক্তব্য জানতে ফোন করা হলে তিনি ফোনকল কেটে দিয়ে মিটিংয়ে আছেন জানিয়ে ক্ষুদেবার্তা পাঠান।