ফতুল্লায় লঞ্চের ধাক্কায় ট্রলার চালক নিহত
লঞ্চটি ঘাটে ভেড়ানোর সময় ওই ট্রলারটিকে ধাক্কা দেয়।
নারায়ণগঞ্জের ফতুল্লা লঞ্চের ধাক্কায় এক ট্রলার চালক নিহত হয়েছেন৷
শুক্রবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে ফতুল্লার লঞ্চঘাটে এ ঘটনা ঘটে বলে পাগলা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ ইয়ার আলী জানান৷
নিহত মনির হোসেন (৪৮) কেরানীগঞ্জের কান্দাপাড়া এলাকার আলী আকবর ফকিরের ছেলে৷
মনির তার মালিকানাধীন ট্রলারটি নিয়ে যাত্রী পারাপারের জন্য ঘাটে অপেক্ষা করছিলেন বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে পুলিশ জানায়।
নৌপুলিশের ইয়ার আলী বলেন, পটুয়াখালীগামী এমভি প্রিন্স কামাল-১ নামে একটি লঞ্চ বুড়িগঙ্গা নদীর ফতুল্লার লঞ্চঘাটে ভেড়াতে গিয়ে ওই ট্রলারের উপর তুলে দেয়৷ এতে ট্রলারটির চালক মনির হোসেন ছিটকে নদীতে পড়ে যান। পরে ওই লঞ্চ ও ট্রলারের মাঝখানে চাপা পড়েন তিনি৷
খবর পেয়ে নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান৷ তারা সেখানে পৌঁছানোর আগেই মনিরকে উদ্ধার করে নারায়ণগঞ্জ হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নারায়ণগঞ্জ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবুল বাসার বলেন, হাসপাতালে আনার আগেই ওই ট্রলার চালক মারা যান৷
লঞ্চটিকে জব্দ করা হয়েছে; তবে এখন পর্যন্ত কেউ আটক হননি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান নৌপুলিশ কর্মকর্তা ইয়ার আলী৷
