সিলেটে তুচ্ছ ঘটনায় প্রতিবেশীর মারামারি, নিহত ১
দক্ষিণ নৈখাই গ্রামের তিনটি প্রতিবেশী পরিবারের মধ্যে ড্রেনে ময়লা নিষ্কাশন নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলছিল; এর জের ধরে মারামারি বেধে যায়।
সিলেটের দক্ষিণ সুরমায় ড্রেনের ময়লা নিষ্কাশনকে কেন্দ্র করে তিন প্রতিবেশী পরিবারের সদস্যদের মধ্যে মারামারিতে একজন নিহত হয়েছেন।
মঙ্গলবার সকালে উপজেলার মোগলাবাজারের দক্ষিণ নৈখাই (গোয়াসপুর) গ্রামে এ ঘটনা ঘটে বলে মোগলাবাজার থানার ওসি এস এম মাইন উদ্দিন জানিয়েছেন।
নিহত মো. দুলু মিয়া (৪৮) ওই গ্রামের ছকু মিয়ার ছেলে।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, দক্ষিণ নৈখাই গ্রামের কাদির মিয়া ও আল-আমিন পরিবারের সঙ্গে প্রতিবেশী সজ্জাদ মিয়ার পরিবারের মধ্যে একটি ড্রেনের ময়লা নিষ্কাশন নিয়ে কয়েক দিন ধরে বিরোধ চলে আসছিল।
“এর জের ধরে মঙ্গলবার সকাল ১০টার দিকে দুই পরিবারের সদস্যদের মধ্যে মারামারি বেধে যায়। এতে মারধরের শিকার দুলু মিয়া গুরুতর আহত হন।”
দক্ষিণ সুরমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।
ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে; এ ঘটনায় এখনও কোনো মামলা হয়নি এবং কাউকে আটক করা হয়নি বলে ওসি জানান।
