যশোরে শিশুর রহস্যজনক মৃত্যু, পুলিশ হেফাজতে বাবা ও সৎ মা
শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসক।
যশোর সদর উপজেলায় দেড় বছরের এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির বাবা ও সৎ মাকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শিশুটির শরীরে একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানিয়েছে চিকিৎসক। স্থানীয়দের দাবি শিশুটিকে তার সৎ মা হত্যা করেছেন।
শনিবার দুপুরে শিশুটিকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন যশোর কোতোয়ালি থানার এসআই জয়ন্ত।
মৃত আয়েশা সদর উপজেলার খড়কি ধোপাপাড়া এলাকার পিন্টুর মেয়ে।
এসআই জয়ন্ত জানান, শনিবার দুপুর ১টার দিকে আয়েশাকে নিয়ে হাসপাতালে যান পিন্টু। তবে শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ সময় তার সঙ্গে শিশুটির সৎ মা পারভীনাও ছিলেন।
শিশুটির শরীরে একাধিক আঘাতে চিহ্ন রয়েছে; হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন শিশু বিভাগের সহকারী রেজিস্ট্রার আফসার আহমেদ।
খবর পেয়ে পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
শিশুটির বাবা পিন্টু বলেন, “আয়েশা দুর্বল ছিল। সে বারবার পড়ে যেত। আজও পড়ে গিয়ে অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে যাই।”
পিন্টু আরও জানান, চার থেকে পাঁচ মাস আগে শিশুটির মায়ের সঙ্গে তার বিচ্ছেদ হয়। এ ঘরে তার আরও এক ছেলে রয়েছে। বিচ্ছেদের পর তিনি পারভীনাকে বিয়ে করেন।
শিশু মৃত্যুর ঘটনাটি রহস্যজনক হওয়ায় পারভীনা ও পিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে বলে জানান এসআই।
