মাদারীপুরে স্কুলছাত্রীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ
মেয়েটির বাবা বলেন, “ওদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে থানা-পুলিশে যাই নাই। কিন্তু এখন দুই সপ্তাহ হয়ে গেলেও তারা তালবাহানা দেখাচ্ছে।
মাদারীপুরের শিবচর উপজেলায় এক স্কুলছাত্রীকে চার দিন আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নবম শ্রেণির ওই ছাত্রীকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের চিকিৎসক রিয়াদ মাহমুদ।
গত ২৮ অগাস্ট মেয়েটিকে তুলে নিয়ে যাওয়ার পর ৩১ অগাস্ট তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা। তখন যুবকের বাবা স্থানীয় মুরুব্বিদের নিয়ে বিষয়টির মীমাংসা করবেন প্রতিশ্রুতি দেওয়ায় তাৎক্ষণিক আইনগত ব্যবস্থা নেয়নি ভুক্তভোগীর পরিবার।
কিন্তু দুই সপ্তাহ ধরে বিষয়টি নিয়ে তালবাহানা করায় অবশেষে আইনগত বিচারের আশায় যুবকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন বলে জানান স্কুলছাত্রীর বাবা।
নির্যাতিতা ও তার পরিবার ও হাসপাতাল থেকে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্কুলছাত্রীকে উত্যক্ত করছিল একই এলাকার এক ‘বখাটে’ যুবক। এর মধ্যে গত ২৮ অগাস্ট দুপুরের দিকে নানা বাড়িতে যাওয়ার পথে ওই ছাত্রীকে তুলে নিয়ে যায় সেই যুবক। পরে একই উপজেলার অন্য গ্রামের একটি বাড়িতে চার দিন আটকে রেখে ধর্ষণ করে।
হাসপাতালের বেডে শুয়ে ভুক্তভোগী বলেন, “আমাকে স্কুলে-যাওয়া আসার সময় নিয়মিত ভয় দেখাত ছেলেটি। তাই সব সময় তার ভয়ে থাকতাম।”
মেয়েটির বাবা বলেন, “বিভিন্ন ভাবে খোঁজাখুজি করে ঘটনার চারদিন পরে রাত সাড়ে ১১টার দিকে আমার মেয়েকে পাই। তারপর আমি পুলিশের কাছে যেতে চেয়েছিলাম। কিন্তু এলাকার মুরুব্বি ও ছেলের বাবা আমাদের সালিশ করে সুষ্ঠু সমাধান দেওয়ার প্রতিশ্রুতি দেয়।
“ওদের বিয়ে দেওয়ার কথা চিন্তা করে থানা-পুলিশে যাই নাই। কিন্তু এখন দুই সপ্তাহ হয়ে গেলেও তারা তালবাহানা দেখাচ্ছে। তাই বাধ্য হয়েই মেয়েকে নিয়ে হাসপাতালে এসেছি। আমি ওদের নামে মামলা দেব।”
শিবচর থানার ওসি সুব্রত গোলদার বলেন, “আমি ঘটনাটির খবর পেয়েছি। পুলিশ পাঠিয়ে মেয়েটিকে আইনগত সহায়তা করার উদ্যোগ গ্রহণ করা হবে।”
[প্রতিবেদনটি প্রথম প্রকাশিত হয়েছিল ১৫ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: ফেসবুক লিংক]
