গাজীপুরে স্বামীকে আটকে রেখে পোশাক শ্রমিককে ‘দলবেঁধে ধর্ষণ’
ঘটনার দুই দিন পর চারজনকে আসামি করে শ্রীপুর থানায় মামলা করা হয়।
গাজীপুরের শ্রীপুর উপজেলায় স্বামীকে আটকে রেখে এক পোশাক শ্রমিককে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে।
ঘটনার দুই দিন পর বুধবার রাতে দুইজনের নাম ছাড়াও অজ্ঞাতপরিচয় আরও দুইজনকে আসামি করে মামলা করা হয় বলে শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহীনুর আলম জানিয়েছেন বৃহস্পতিবার।
মামলার পর ভুক্তভোগী নারীর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয় বলে জানান তিনি।
আসামিরা হলেন- সিলেট কোতোয়ালি থানার মাজারখানা এলাকার প্রয়াত মফিজ উদ্দিনের ছেলে মো. ফারুক (৩২) এবং শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া গ্রামের প্রয়াত সুলতান মুন্সির ছেলে নয়ন (১৯)।
মামলা থেকে জানা গেছে, “সোমবার রাত ৯টার দিকে পোশাক শ্রমিক নারী তার স্বামীকে নিয়ে বাইরে থেকে ভাড়া বাড়িতে ফিরছিলেন। পথে ধনুয়া এলাকায় ফারুক ওই নারীর স্বামীকে ডেকে নিয়ে একটি পরিত্যক্ত ঘরে আটকে রাখেন।
“পরে ওই নারীকে সেখানে নিয়ে ধর্ষণ করেন ফারুক ও নয়ন। এ সময় বাইরে পাহারায় থাকা অজ্ঞাতপরিচয় আরও দুই যুবক তাকে ধর্ষণ করেন। এক পর্যায়ে ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে নির্যাতনকারীরা পালিয়ে যান।”
ওসি শাহীনুর আলম বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। ভুক্তভোগীর স্বাস্থ্য পরীক্ষার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
তবে এদিন বিকাল পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
