হবিগঞ্জে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষে পুলিশসহ আহত ৩০
সংঘর্ষের ঘটনায় বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ।
হবিগঞ্জের বাহুবল উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে আওয়ামী লীগ ও পুলিশের সংঘর্ষে অন্তত ৩০ জন আহতের খবর পাওয়া গেছে; এরমধ্যে পাঁচ পুলিশ সদস্য রয়েছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার মিরপুর বাজারে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন বাহুবল মডেল থানার ওসি মো. মশিউর রহমান।
আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ কনস্টেবল শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অবরোধের সমর্থনে মিরপুর বাজারে বিএনপির নেতা-কর্মীরা পিকেটিং শুরু করে। এ সময় আওয়ামী লীগের শান্তি সমাবেশ থেকে বিএনপির নেতা-কর্মীদের ধাওয়া দেওয়া হয়।
এক পর্যায়ে উভয় পক্ষের নেতা-কর্মীরা লাঠিসোঁঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। তাদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে। এতে অন্তত ৩০ জন আহত হয়েছেন।
সংঘর্ষে আহতদের বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ওসি মো. মশিউর রহমান বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে বিএনপির তিন নেতাকে আটক করেছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
সাধারণ মানুষের জানমাল রক্ষায় পুলিশ তৎপর রয়েছে বলে জানান ওসি।
