২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কুমিল্লায় রাতে বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ, আতঙ্ক

“যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।”

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2024, 01:33 AM

Updated : 06 Jan 2024, 11:41 AM

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় একের পর এক হাতবোমা বিস্ফোরণে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে এতে কেউ আহত হননি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন আগে শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে কুমিল্লা নগরীর কয়েকটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে বলে কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন জানান।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, রাত সাড়ে ৮টার সময় নগরীর টমছম ব্রিজ এলাকায় পর পর চারটি হাতবোমার বিস্ফোরণ ঘটে।

এর কিছু সময়ের মধ্যে নগরীর গোয়ালপট্টি, কান্দিরপাড় লিবার্টি চত্বরে জেলা বিএনপির কার্যালয় ও রানীর বাজার এলাকায় হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। রানীর বাজারের এ ঘটনায় একটি মোটরসাইকেল জব্দ এবং তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।

এ ছাড়া বিসিক শিল্পনগরী এলাকায় চেম্বার অব কমার্সের সামনে, ফৌজদারি মোড়, সালাউদ্দিন মোড়, টাওয়ার হাসপাতালের সামনে ও রামঘাটলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমেও বিস্ফোরণে আতঙ্কের কথা জানিয়ে পোস্ট দিয়েছেন।

টমছম ব্রিজ এলাকার সজিব হোসের নামের এক বাসিন্দা বলেন, রাত সাড়ে ৮টার পর একটি মোটরসাইকেলে দুজন এসে চারটি হাতবোমা ফাটিয়ে চলে যায়।

“তখন ভয়ে মানুষ এদিক-সেদিক ছোটাছুটি শুরু করে। এ ঘটনার পর স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।”

কোতোয়ালি মডেল থানার ওসি ফিরোজ হোসেন বলেন, “আমরা তিনটি স্থানে হাতবোমা বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত হয়েছি। যারা নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই এমন ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে।

“মাঠে আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে জড়িতরা কাজ করছেন। আমরা দুর্বৃত্তদের চিহ্নিত করার চেষ্টা করছি।”