২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদীতে নাশকতার মামলায় ‘শিবিরের’ ৪ নেতাকর্মী কারাগারে

পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে আদালতে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

নরসিংদীতে নাশকতার মামলায় ‘শিবিরের’ ৪ নেতাকর্মী কারাগারে

প্রতীকী ছবি

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2023, 09:42 PM

Updated : 20 Oct 2023, 09:42 PM

নরসিংদীতে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতের মামলায় ‘ইসলামী ছাত্রশিবিরের’ চার ‘নেতাকর্মীকে’ কারাগারে পাঠানো হয়েছে।

শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় বলে জানান নরসিংদী সদর থানার ওসি মো. আবুল কাশেম ভূঁইয়া।  

গ্রেপ্তাররা হলেন- জেলার রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার মিজানুর রহমান (৩৮), মনোহরদী থানাধীন কালিয়াকুরির মুশতাক আহমেদ (২৫), সদর উপজেলার আলোকবালীর ১৭ বছর বয়সি এক তরুণ ও একই এলাকার মৃদুল হাসান সানি (১৯)।

গত বৃহস্পতিবার বিকালে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি।

তাদের মধ্যে মিজানুর রহমান বাদে বাকিরা নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী বলে দাবি পুলিশের।

ওসি আবুল কাশেম আরও বলেন, গত ২৯ জুলাই সংঘটিত একটি নাশকতার মামলার তদন্তে গ্রেপ্তাদের সম্পৃক্ততা পেয়েছে পুলিশ। পরে তাদের আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। রোববার আদালতে শুনানি হবে।

নরসিংদী শহর শাখা শিবিরের সভাপতি আসিফ ইকবাল বলেন, “চার জনের মধ্যে দুজন আমাদের কর্মী। তবে, তাদের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না, তারা কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত নয়। পুলিশ তাদের মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়েছে। আমরা এ ঘটনার নিন্দা জানাই। অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি দাবি করছি।”