২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বিজিবিবাহী পিকআপের সঙ্গে বাসের সংঘর্ষে চালক নিহত, আহত ৭

বিজিবির পাঁচ সদস্যসহ আহত সাতজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছে পুলিশ।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2024, 09:05 PM

Updated : 05 Jan 2024, 09:05 PM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় যাত্রীবাহী বাসের সঙ্গে দ্বাদশ সংসদ নির্বাচনের দায়িত্বে থাকা বর্ডার গার্ড বাংলাদেশের-বিজিবি টহল পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়েছে। এতে পিকআপের চালক নিহত ও বিজিবির পাঁচ সদস্যসহ সাতজন আহত হয়েছেন।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার রাইস মিল এলাকায় গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে এ ঘটনা ঘটে বলে পলাশবাড়ী থানার ওসি মো. আরজু সাজ্জাদ জানান।

নিহত পিকআপ ভ্যানচালক মো. মুন্না মিয়ার (২০) বাড়ি পলাশবাড়ী উপজেলার মাঠেরহাট এলাকায়।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি আরজু সাজ্জাদ জানান, গাইবান্ধা যাওয়ার পথে জে আর পরিবহনের একটি বাসের সঙ্গে ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা বিজিবির সদস্যদের বহনকারী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিজিবির পাঁচ সদস্যসহ আটজন আহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল ও পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা পিকআপ ভ্যানচালক মো. মুন্না মিয়া শুক্রবার বিকালে মারা যান।