২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নাটোরে কিশোরী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

২০২১ সালে আশরাফুল ও ছাব্বিরের সহযোগিতায় কিশোরীকে আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে মিঠুন।

নাটোরে কিশোরী ধর্ষণ মামলায় ২ যুবকের যাবজ্জীবন

দণ্ডিত আসামিদের আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

নাটোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Mar 2024, 02:21 PM

Updated : 14 Mar 2024, 02:21 PM

নাটোরের নলডাঙ্গা উপজেলায় কিশোরী ধর্ষণ মামলায় দুইজনকে যাবজ্জীবন এবং এক তরুণকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

বৃহস্পতিবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তিন আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আনিসুর রহমান জানান।

যাবজ্জীবন দণ্ডিতরা হলেন- ওই উপজেলার মোমিনপুর উত্তরপাড়া এলাকা মিঠুন মণ্ডল (২৩) এবং আশরাফুল ইসলাম (২৩)। এ ছাড়া ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ছাব্বির হোসেন (১৮) ওই এলাকার বাসিন্দা।

যাবজ্জীবনের পাশাপাশি মিঠনকে ৫০ হাজার ও আশরাফুলকে ২০ হাজার টাকা জরিমানা করা হয় রায়ে।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ৩১ মে সকালে ওই উপজেলায় একটি মাঠে মামাতো বোনদের সঙ্গে ছাগল চড়াতে যায় ১৪ বছর বয়সি এক কিশোরী। দুপুরে কথার ছলে আশরাফুল ও ছাব্বিরের সহযোগিতায় তাকে একটি আখ ক্ষেতে নিয়ে ধর্ষণ করে মিঠুন।

ওই কিশোরী চিৎকারে স্থানীয়রা বিষয়টি টের পেয়ে মিঠুন ও আশরাফুলকে আটক করে পুলিশে দেয়।

এ ঘটনার পরদিন কিশোরী নিজে বাদী হয়ে মিঠুন, আশরাফুল এবং ছাব্বিরকে আসামি করে নলডাঙ্গা থানায় মামলা করে।

তদন্ত শেষে ২০২১ সালের ৩০ জুলাই তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মোশারফ হোসেন আদালতে অভিযোগপত্র জমা দেন। সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার আদালত আসামিদের দোষী সাব্যস্ত করে এ রায় দেয়।