নওগাঁয় ট্রাকচাপায় বাইকআরোহী দম্পতি নিহত, অক্ষত ২ শিশু
বালুবাহী ট্রাকটি তাদেরকে পিছন থেকে ধাক্কা দিলে তারা পড়ে যান।
নওগাঁ সদর উপজেলায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী দম্পতি নিহত হয়েছেন; দুর্ঘটনা থেকে বেঁচে গেছে দুই শিশু।
নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কে উপজেলার হাঁপানিয়া বাজারের কাছে শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সদর থানার ওসি আহসান বিন ফয়সাল জানান।
নিহতরা হলেন- বেসরকারি উন্নয়ন সংস্থায় (এনজিও) কর্মরত মিলন হোসেন (৩৫) এবং তার স্ত্রী নিথি বেগম। মিলন মান্দা উপজেলার মৈনম ইউপির বৈদদ্যপুর গ্রামের আব্দুল হোসেনের ছেলে। আর নিথির বাবার বাড়ি সদর উপজেলার উল্লাসপুর গ্রামে।
দুর্ঘটনার সময় মিলন-নিথি দম্পতির মেয়ে সেমরণ (৪) এবং মিলনের ভাতিজা রিয়াদ (৩) মোটরসাইকেলে থাকলেও তারা বেঁচে যায়। তারা এখন পরিবারের কাছে রয়েছে।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, মিলন ছুটির দিন সকালে স্ত্রী, মেয়ে ও ভাতিজাকে নিয়ে শ্বশুরবাড়ি যাচ্ছিলেন। পথে বালুবাহী ট্রাকটি তাদেরকে পিছন থেকে ধাক্কা দিলে তারা পড়ে যান। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই এই দম্পতি মারা যান। কিন্তু বাচ্চা দুটি অক্ষত থাকে।
ওসি বলেন, ট্রাকটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে দম্পতির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
