মানিকগঞ্জে শিক্ষককে কোপানোর অভিযোগ বহিষ্কৃত শিক্ষার্থীর বিরুদ্ধে
নানা অভিযোগে রাজুকে স্কুল থেকে বহিষ্কার করা হয় বলে জানান স্কুলটির সহকারী প্রধান শিক্ষক।
মানিকগঞ্জ সদরে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বহিষ্কৃত এক শিক্ষার্থীর বিরুদ্ধে।
রোববার দুপুরে বালিরটেক এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান সদর থানা ওসি আব্দুর রউফ সরকার।
আহত মিজানুর রহমান বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।
রাজু আহমেদ খাবাশপুর কলেজের অফিস সহকারী শহিদুল ইসলামের ছেলে। ২০২২ সালে তাকে বালিরটেক খাবাশপুর উচ্চ বিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়।
ওসি আব্দুর রউফ বলেন, রোববার দুপুরে মিজানুর রহমান স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বালিরটেক বাজারে আসেন। এ সময় রাজু আহমেদ ও তার সহযোগীরা মিজানুর রহমানকে পিছন থেকে ধারালো অস্ত্র দিয়ে মাথায় কোপ দিয়ে পালিয়ে যায়।
“এরপর স্থানীয়রা মিজানুর রহমানকে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানো হয়েছে।”
এ ঘটনায় প্রধান শিক্ষক মিজানুর রহমানের পরিবারের লোকজন থানায় অভিযোগ করেছেন। পুলিশ রাজুকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
এ বিষয়ে জানতে মানিকগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) কাজী এ কে এম রাসেল বলেন, দুপুরে মিজানুর রহমানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
খাবাশপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফতাব উদ্দিন বলেন, “২০২২ সালে নবম শ্রেণিতে পড়ার সময় রাজু আহমেদর বিরুদ্ধে নানা অভিযোগ ওঠায় তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়।”
