নাটোর পৌরসভা চত্বরে যুবককে কুপিয়ে হত্যা, আটক ২
পুলিশ জানায়, ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত শিশিরকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঠিকাদারি কাজের অর্থ লেনদেন নিয়ে পূর্ব বিরোধের জেরে নাটোর পৌরসভা চত্বরের ভেতরে সংঘর্ষের সময় এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ২টায় এ ঘটনা ঘটে বলে নাটোর সদর থানার এসআই মো. সাজ্জাদ হোসেন জানান।
নিহত ২৩ বছর বয়সী শিশির হোসেন শহরের কান্দিভিটা এলাকার মোজাহার আলীর ছেলে।
এ ঘটনায় নাটোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান হিরো এবং একই ওয়ার্ডের যুবলীগ সাধারণ সম্পাদক ও ঠিকাদার হাসানুর রহমান হাসুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।
নিহত শিশির কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর অনুসারী ছিলেন বলে জানা গেছে।
নাটোর পৌরসভা ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, কাউন্সিলর রোকনুজ্জামান হিরোর সঙ্গে ঠিকাদার হাসুর মধ্যে একটি টেন্ডারের টাকা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।
দুপুরে পৌর মেয়রের সম্মেলন কক্ষে এ বিষয়ে বিরোধ নিষ্পত্তির জন্য একটি সালিশ বৈঠক বসার কথা ছিল। এর মধ্যে দুইপক্ষের মধ্যে পৌরসভা চত্বরে সংঘর্ষ বেধে যায়।
এক পর্যায়ে ঠিকাদার হাসুকে কুপিয়ে জখম করে কাউন্সিলর রোকনুজ্জামান ও তার লোকজন। এর কিছুক্ষণ পর হাসুর অনুসারীরা রোকনুজ্জামানের সমর্থক শিশিরের ঘাড়ে কুপিয়ে মারাত্মক জখম করে।
এসআই সাজ্জাদ বলেন, “ধারাল অস্ত্রের আঘাতে গুরুতর আহত হয় শিশির। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
“নিহত শিশিরের পরিবার থানায় আসছে। উনারা এসে এজাহার দিলেই মামলা দায়ের হবে।”
নতুন করে বিশৃঙ্খলা এড়াতে পৌরসভাসহ শহরের বিভিন্ন পয়েন্টে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান সাজ্জাদ।
নাটোরের পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম বলেন, দুই পক্ষের প্রধানকেই আটক করেছে পুলিশ। এ ঘটনার সঙ্গে জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে।
