সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ হত্যা: কাউন্সিলর নিপু কারাগারে
পুলিশ জানায়, এ মামলায় এজাহার নামীয় ১০ আসামির মধ্যে নয়জনই বর্তমানে কারাগারে আছেন।
সিলেটে ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলার প্রধান আসামি সিটি করপোরেশনের কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, সোমবার সিলেট মহানগর দায়রা জজ আদালতে আত্মসমর্পণ করলে বিচারক কিউ এম নাছির উদ্দিন নিপুকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত বছরের নভেম্বরে সিলেট নগরীর টিভি গেইট এলাকায় ছাত্রলীগ কর্মী আরিফ আহমদ হত্যা মামলায় এতদিন উচ্চ আদালত থেকে জামিনে থাকা কাউন্সিলর নিপু সোমবার দুপুরে আদালতে আত্মসমর্পণ করে ফের জামিনের জন্য আবেদন করেন। তবে আদালত তা নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।“
২০২৩ সালের ২০ নভেম্বর রাত ১২টার দিকে নগরীর বালুচর এলাকায় ছুরিকাঘাতে গুরুতর আহত হন আরিফ। আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে রাত দেড়টার দিকে তিনি মারা যান।
আরিফ ওই এলাকার ফটিক মিয়ার ছেলে। তিনি জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম গ্রুপের সক্রিয় কর্মী ছিলেন।
আরিফকে ছুরিকাঘাতের সময় চিৎকার শোনে সেখানে দৌড়ে গিয়েছিলেন মা আঁখি বেগম।
তিনি সাদা পাঞ্জাবি পরা কাউন্সিলর হিরণ মাহমুদ নিপুকে মোটরসাইকেলে উঠে ঘটনাস্থল থেকে যেতে দেখেছেন বলে সাংবাদিকদের কাছে দাবি করেন।
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নিপু গত বছর অনুষ্ঠিত সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ৩৬ নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর নির্বাচিত হন।
তার নেতৃত্বেই আরিফকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে খুন করা হয়েছে বলে দাবি পরিবারের।
হামলার পর আরিফের মা আঁখি বেগম সাংবাদিকদের জানিয়েছিলেন, ঘটনাস্থল থেকে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তিনি ছেলেকে সিএনজিচালিত অটোরিকশায় নিয়ে হাসপাতালের পথে রওনা হন। যাওয়ার পথে ছেলে তাকে জানায়, হিরণ মাহমুদ নিপু, রনি, মামুন, হেলালসহ ১৫-২০ জন তার ওপর হামলা চালিয়েছে।
আরিফ হত্যার দুদিন পর মা আঁখি বেগম বাদী হয়ে সিলেটের এয়ারপোর্ট থানায় মামলা করেন।
মামলায় হিরণ মাহমুদ নিপুসহ ১০ জনের নাম উল্লেখ করা হয়। এছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয় আরও পাঁচজনকে।
গত বছরের ২৮ নভেম্বর হাই কোর্টের বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত বেঞ্চ হিরণ মাহমুদ নিপুকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়ে নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন।
মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার সাইফুল ইসলাম বলেন, “নিপুসহ এ মামলায় এজাহার নামীয় ১০ আসামির মধ্যে নয়জনই কারাগারে আছেন। পলাতক আসামি সবুজকে গ্রেপ্তারে অভিযান চলছে।”
আরও পড়ুন
