মিরপুরে শ্রমিক আন্দোলনে ‘বিশেষ উদ্দেশ্য’ দেখছে পুলিশ
“আমরা কঠোর হাতে পরিস্থিতি দমন করেছি; প্রয়োজনে আরও কঠোর হব।”
পোশাক শিল্পের জন্য মজুরি বোর্ড গঠনের পরও মিরপুরে যারা আন্দোলন করছেন, তাদের ‘বিশেষ উদ্দেশ্য’ রয়েছে বলে মন্তব্য করেছেন ডিএমপির পিওএম দক্ষিণ বিভাগের উপকমিশনার তৌহিদুল আরিফ।
মঙ্গলবার বেলা ১২টার দিকে মিরপুর ১১ মেট্রো স্টেশনের সামনে তিনি বলেন, “কিছু দুষ্কৃতিকারী সবকিছু নষ্ট করার চেষ্টা করেছে। তারা মিরপুর ১১ নম্বর সড়কে ব্যারিকেড দিয়েছিল।
“আপনারা দেখেছেন, আমরা কঠোর হাতে পরিস্থিতি দমন করেছি। প্রয়োজনে আরও কঠোর হব।”
তৌহিদুল আরিফ বলেন, “এখন যারা মাঠে রয়েছে, তাদের কেউই প্রকৃত অর্থে গার্মেন্টস কর্মী বা শ্রমিক বলে মনে হচ্ছে না।
“তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে রয়েছে বলে আমাদের ধারণা। সে কারণে তাদের কঠোর হাতে দমনের প্রস্তুতি নিচ্ছি।”
পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে তিনি বলেন, আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করেছেন।
এতে কতজন পুলিশ সদস্য আহত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।
উপকমিশনার তৌহিদুল আরিফ বলেন, গ্রেপ্তার ও আহতদের সঠিক সংখ্যা পরে জানানো হবে।
তিনি বলেন, সড়কে যান চলাচলের পরিস্থিতি এখন স্বাভাবিক। বিভিন্ন অলিগলিতে পুলিশ টহল দিচ্ছে। সেখানে কেউ অবস্থান করছেন কি না, তা দেখা হচ্ছে।
কালশী রোডে এক পুলিশ সদস্য বেধড়ক মারধরের শিকার হওয়ার ভিডিওর বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তৌহিদুল আরিফ বলেন, ভিডিওটি তারা দেখেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি বলেন, “আমার ধারণা, প্রকৃত শ্রমিকরা এখন মাঠে নেই। তারা হয়তো ছুটির দিনে নিজ নিজ বাড়িতে চলে গেছেন, অথবা গার্মেন্টসে কাজ করছেন।
“এখন যারা রয়েছে, তারা বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে মাঠে অবস্থান করছে বলে আমাদের মনে হচ্ছে।”
