‘বিক্রি করতে নেওয়ার সময়’ বিনামূল্যের ৪ টন পাঠ্যবই জব্দ
পটুয়াখালীর ওই মাদরাসার অধ্যক্ষ এসব পাঠ্যবই ঝিনাইদহে নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন বলে ভাষ্য উপজেলা প্রশাসনের।
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় ‘বিক্রি করতে নেওয়ার সময়’ একটি মাদরাসার চার টন সরকারি বিনা মূল্যের পাঠ্যবই জব্দ করেছে প্রশাসন। এ ছাড়া বই বহনকারী ট্রাকটিও জব্দ করা হয়েছে।
রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদরাসার পাশে সড়ক থেকে এসব জব্দ করেন কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।
সোমবার ট্রাকসহ বই থানায় পড়েছিল। কোনো মামলা হয়নি। পরে রাতে এসব উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দেয় থানা কর্তৃপক্ষ।
মঙ্গলবার কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন বলেন, “এসব বই উপজেলা প্রশাসনের হেফাজতে রয়েছে। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”
তবে এ বিষয়ে চেষ্টা করেও মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদরাসা কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ট্রাকচালক ও সহকারীর বরাতে কৌশিক আহমেদ বলেন, “মোয়াজ্জেমপুর সিনিয়র আলিম মাদরাসার অধ্যক্ষ আবু বক্কর সিদ্দিক এসব পাঠ্যবই ঝিনাইদহ এলাকায় নিয়ে বিক্রি করতে চেয়েছিলেন। গোপন খবর পেয়ে রাতে অভিযান চালিয়ে বইগুলো জব্দ করা হয়।”
তিনি বলেন, ট্রাকসহ বই মহিপুর থানায় হস্তান্তর করা হয়েছে। জব্দ করা বইয়ের বাজারমূল্য প্রায় পাঁচ লাখ টাকা।
মহিপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. আসলাম সাংবাদিকদের বলেন, “উপজেলা সহকারী কমিশনার ট্রাকসহ বইগুলো থানায় রেখে গেছেন। পরে আমরা সেগুলো উপজেলা প্রশাসনকে বুঝিয়ে দিয়েছি।”
