১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

দে মিগেলের মৃত্যুর পর ফুটবলে ফেরা নিয়ে ‘অনিশ্চয়তায়’ সেই গোলরক্ষক

এফসি আন্দররার কোচ বলেছেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা রয়েছে হেসুস ওউনোর।

দে মিগেলের মৃত্যুর পর ফুটবলে ফেরা নিয়ে ‘অনিশ্চয়তায়’ সেই গোলরক্ষক

মাঠে ভয়াবহ সংঘর্ষের সেই ঘটনা। ছবি: স্ক্রিনশট

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 12 Nov 2026, 09:44 PM

Updated : 12 Nov 2026, 09:44 PM

মাঠে সংঘর্ষের ঘটনায় তেনেরিফের ফরোয়ার্ড হেসুস দে মিগেলের মৃত্যুর পর, এফসি আন্দররার গোলরক্ষক হেসুস ওউনো প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরবেন কি না, সে ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেননি বলে জানিয়েছেন ক্লাবটির কোচ কার্লেস মানসো।

স্পেনের দ্বিতীয় বিভাগে গত সপ্তাহে তেনেরিফে ও আন্দররার ম্যাচে মাঠের মাঝখানে বল ক্লিয়ার করার চেষ্টায় বিপরীত দিক থেকে দৌড়ে এসে দে মিগেলের বুকে আঘাত করে বসেন ওউনো। ওই ফাউলের জন্য তাকে সরাসরি লাল কার্ড দেখানো হয়। হৃদরোগে আক্রান্ত হয়ে পরদিন হাসপাতালে মারা যান ৩০ বছর বয়সি দে মিগেল।

ক্লাবের পক্ষ থেকে গত সপ্তাহে প্রকাশিত এক বিবৃতিতে ইকুয়েটোরিয়াল গিনির গোলরক্ষক ওউনো বলেন, তার জীবনের সবচেয়ে কঠিন সময় পার করছেন তিনি।

ফুটবল বিশ্বকে নাড়িয়ে দেওয়া ওই ঘটনার পর, আন্দররার পক্ষ থেকে প্রথম ব্যক্তি হিসেবে বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হন কোচ মানসো। তিনি বলেন, যেকোনো সিদ্ধান্ত নেওয়ার পূর্ণ স্বাধীনতা ওউনো রয়েছে।

“এই মুহূর্তে আমাদের কাজ হলো, তাকে সব ধরনের সহায়তা দেওয়া এবং তার পাশে থাকা। আমরা তাকে পর্যাপ্ত সময় সুযোগ দিব, যাতে যেকোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সে নিজেকে পুরোপুরি স্বাধীন বোধ করে-যেমন সে ফিরে আসতে চায় কি না, কখন ফিরতে চায়, অথবা আদৌ ফিরে আসতে চায় কি না।”

মানসো জানান, কঠিন এই সময়ে ২৫ বছর বয়সি ওউনো তার পরিবার, বন্ধু এবং সঙ্গীর সঙ্গে সময় কাটাচ্ছেন।

“যখন সে মনে করবে যে, এটি উপযুক্ত সময় এবং যখন সে সত্যিই কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য নিজেকে প্রস্তুত মনে করবে (তখন সে তা করবে)।”

ওউনো জাতীয় দলের হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন, তবে চলতি আন্তর্জাতিক বিরতিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইকুয়েটোরিয়াল গিনির দুটি ম্যাচের জন্য তিনি দলে ডাক পাননি।