বরিশাল বিভাগে ডেঙ্গুতে দুই নারীর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে আরও দুই নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮৯ জনে।
মঙ্গলবার দুপুরে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল এ তথ্য জানান।
মৃতরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার নার্গিস বেগম (৩০) ও পিরোজপুরের নেছারাবাদ উপজেলার বিলকিস বেগম (৬৫)।
স্বাস্থ্য পরিচালক বলেন, চিকিৎসাধীন অবস্থায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তারা দুইজনই মারা যান।
এ ছাড়াও গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে আরও ৯৫ জন রোগী ভর্তি হয়েছেন বলে শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন।
বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ হাসপাতাল ও ছয় জেলা সদরসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বর্তমানে ৩৩৮ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।
চলতি বছরে এ পর্যন্ত বরিশাল বিভাগে ৩৬ হাজার ৯৯৬ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে; এ ছাড়া সুস্থ হয়েছেন ৩৬ হাজার ৪৬৯ জন রোগী।
