২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাদারীপুরে নসিমনের সঙ্গে সংঘর্ষে ২ বাইক আরোহীর মৃত্যু

জেলা শহর থেকে মঠেরবাজারের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা নসিমনের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয় বলে জানায় পুলিশ।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Feb 2024, 12:59 AM

Updated : 28 Feb 2024, 12:59 AM

মাদারীপুর সদর উপজেলায় নসিমনের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার রাতে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক মহাসড়কের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে এ ঘটনা ঘটে বলে মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন জানান।

নিহতরা হলেন- সদর উপজেলার ছিলারচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ আলী বালীর ছেলে রিফাত বালী (১৯) ও একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মৃধার মোড়ের মুক্তার সরদারের ছেলে মারুফ সরদার (৩০)।

স্থানীয়দের বরাতে ওসি সালাউদ্দিন বলেন, রাত ১০টার দিকে রিফাত ও মারুফ মোটরসাইকেলে করে জেলা শহর থেকে মঠেরবাজারের দিকে যাচ্ছিলেন। পথে আড়িয়াল খাঁ নদের আচমত আলী খান সেতুর টোল প্লাজার কাছে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক রিফাত মারা যান। স্থানীয়রা মারুফকে মাদারীপুর সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি সালাউদ্দিন।