২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সমেশপুরই বিক্রি করে ‘৬ কোটি টাকার’ সবজি চারা

কৃষি বিভাগ বলছে, শুধু কুমিল্লার এই গ্রামই নয়; অন্য উপজেলা মিলিয়ে প্রতি মৌসুমে অন্তত ২০ কোটি টাকার সবজির চারা বিক্রি হয়।

আবদুর রহমান, কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Nov 2023, 09:02 AM

Updated : 05 Nov 2023, 09:02 AM

কুমিল্লার বুড়িচং উপজেলার গ্রামটির নাম ‘সমেশপুর’হলেও সবজি চাষিদের কাছে এর ভিন্ন একটি পরিচিতি আছে। ৫০ বছরের বেশি সময় ধরে বিভিন্ন জাতের মৌসুমি সবজির চারা উৎপাদন হওয়ায় ‘সবজি চারার গ্রাম’ হিসেবে পরিচিতি পেয়েছে ‘সমেশপুর’।

ফলে দেশের নানা এলাকার বাণিজ্যিকভাবে সবজি চাষিদের কাছে গ্রামটির কদর একটু বেশিই।

প্রতি বছর জুন থেকে জানুয়ারি, এই আট মাস গ্রামটিতে বিভিন্ন জেলার সবজি চাষিদের আনাগোনা চোখে পড়ে।

এর কারণ, ওই গ্রামটিতে ভালো মানের সবজির চারা উৎপাদন হচ্ছে অর্ধশত বছরের বেশি সময় ধরে।

গ্রামের শতাধিক চাষি বাণিজ্যিকভাবে সবজির চারা উৎপাদনের সঙ্গে জড়িত। মৌসুমে প্রায় ছয় কোটি টাকার সবজি চারা বিক্রি করেন তারা।

কম সময়ে বেশি লাভ হওয়ায় চারা-চাষির সংখ্যা দিন দিন বাড়ছে বলে জানিয়েছেন স্থানীয়রা।

তবে শুধু সমেশপুর নয়; স্থানীয় কৃষি বিভাগ জানায়, কুমিল্লার অন্য উপজেলা মিলিয়ে প্রতি মৌসুমে অন্তত ২০ কোটি টাকার বেশি সবজির চারা বিক্রি হয়।

এই চারা স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের অন্য জেলাগুলোতেও যাচ্ছে।

বুড়িচং উপজেলার ডাকলাপাড়া, কালাকচুয়া, কাবিলা, নিমসার, চান্দিনা উপজেলা, দেবিদ্বার উপজেলা, বরুড়া ও কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায়ও এই চারা উৎপাদন ও বিক্রি হচ্ছে।

কুমিল্লার এসব সবজির চারা চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, নারায়ণগঞ্জসহ বিভিন্ন জেলায় চাষিরা কিনে নিচ্ছেন।

স্থানীয় কৃষকরা জানিয়েছেন, তারা বাজারে নিয়ে কোনো চারা বিক্রি করেন না। অধিকাংশ ক্রেতাই সরাসরি জমি থেকে চারা কিনে নিয়ে যান। মান ও জাত ভালো হওয়ায় সারাদেশে এ এলাকার চারার সুনাম ছড়িয়ে পড়েছে।

এর মধ্যে রয়েছে- ফুলকপি, বাঁধাকপি, টমেটো, বেগুন, লাউ, কমুড়ো, ব্রোকলিসহ ২৫ রকমের মৌসুমি সবজির চারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, একপাশে গোমতী নদী, আর অন্যপাশে রানি ময়নামতির প্রাসাদ। দুইয়ের মাঝখানে সমেশপুর গ্রামটির অবস্থান।

গ্রামটির মাঠে প্রায় ৫০ একর জায়গাজুড়ে এখন শীতের আগাম সবজির চারা উৎপাদনে ব্যস্ত সময় পার করছেন বাণিজ্যিকভাবে চারা উৎপাদনকারীরা।

চলতি মৌসুমে পাঁচ থেকে ছয় কোটি টাকার চারা বিক্রির লক্ষ্য রয়েছে তাদের।

গত বছরও প্রায় পাঁচ কোটি টাকার বেশি চারা বিক্রি করেছেন বলে জানিয়েছে উৎপাদনকারীরা।

কাকডাকা ভোরেই চারা নিতে পাইকাররা দেশের বিভিন্ন স্থান থেকে চলে আসছেন সমেশপুরে।

চাহিদা মত চারা কিনে যার যার সুবিধা অনুযায়ী বাহনে করে নিয়ে যাচ্ছেন। চারা ঘিরে মৌসুমে সমেশপুরে যেন উৎসবের আমেজ বিরাজ করে।

চার দশকের বেশি সময় ধরে ফুলকপি ও বাঁধাকপির চারা উৎপাদন করেছেন ওই গ্রামের কৃষক জাহাঙ্গীর আলম। তার বাবাও চারা উৎপাদন করতেন।

জাহাঙ্গীর আলম জানান, মূলত বাবাকে দেখেই এ দিকে ঝুঁকে পড়া তার। এ বছর প্রায় ৬০ শতাংশ জমিতে ফুলকপি ও বাঁধাকপির চারা উৎপাদন করেছেন তিনি। তার এই চারা স্থানীয় সবজি চাষিদের পাশাপাশি চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়।

সমেশপুর গ্রামের শতাধিক কৃষক পরিবারের জীবিকার মূল উৎস হয়ে উঠেছে এই চারা উৎপাদন।

আবহাওয়া ভালো থাকলে গত বছরের মত এবারও শীতকালীন নানা জাতের সবজির চারা ভাল দামে বিক্রি করতে পারবেন কৃষকরা।

গ্রামটির চারা উৎপাদনকারীরা জানান, শতাধিক পরিবার প্রতি বছর জুন মাসের শেষ দিকে বীজতলা প্রস্তুত করে বীজ বপন করেন। জুলাইয়ের শুরু থেকে জানুয়ারির শেষ পর্যন্ত চলে চারা উত্তোলন ও বিক্রি।

উৎপাদিত চারার বড় একটা অংশ ফুলকপি ও বাঁধাকপি হলেও এখানে বিভিন্ন জাতের বেগুন, টমেটো, মরিচ, লাউসহ প্রায় সব ধরনের সবজি চারা উৎপাদিত হচ্ছে। গ্রামের পুরুষদের পাশাপাশি অনেক নারীও চারা উৎপাদনে হাত লাগিয়েছেন।

সোহাগ মিয়া নামে এক চাষি বলেন, প্রতি বছর জুন মাসের শেষ দিকে এখানকার উঁচু জমিতে ফুল ও বাঁধাকপির চারা উৎপাদনের জন্য প্রথমে বীজতলা তৈরি করা হয়। এরপর দৈর্ঘ্যে ১২ ফুট ও প্রস্থে ৪ ফুট করে ছোট ছোট জমি ভাগ করে নেওয়া হয়। স্থানীয় ভাষায় যাকে ‘বিট’ বলে। এরপর সেই বিটে বীজ বপন করা হয়। বপনের তিন থেকে চার দিনের মাথায় চারা গজাতে থাকে। এক সপ্তাহের মধ্যে বিক্রির উপযোগী হয়ে ওঠে।

মনির হোসেন নামে আরেকজন বলেন, “আমি ৮ শতক জমিতে চারা করছি। এক মৌসুমে কয়েক দফা চারা উৎপাদন হবে। প্রতিবারে ৮০ হাজার টাকার মত খরচ হয়। আর বিক্রি করা যায় দুই লাখ টাকার বেশি। খরচের মধ্যে রয়েছে বীজতলা তৈরির জন্য বাঁশ, পলিথিন, সার ও শ্রমিকের মজুরি। আবহাওয়া ভালো থাকলে গত বছরের মত এবারও চার থেকে পাঁচ লাখ টাকা আয় করতে পারব।”

কৃষক ও চারা চাষি মোতাহের হোসেন জানান, অগাস্টের শুরুতে প্রতি হাজার ফুল ও বাঁধাকপির চারা গড়ে দুই হাজার টাকায় বিক্রি করেছেন তিনি। আস্তে আস্তে চারার দাম কিছুটা কমে আসে। এখন গড়ে দেড় হাজার টাকা দরে বিক্রি হচ্ছে।

সামছু মিয়া নামে আরেকজন জানান, এই গ্রামে প্রায় ৫০ একর জমিতে প্রতিবছর শীতকালীন বিভিন্ন সবজির চারা উৎপাদন হয়ে থাকে। গুণগত মান ভালো হওয়ায় এই চারার চাহিদা দেশব্যাপী বলে দাবি তার।

ফেনীর পরশুরাম থেকে চারা কিনতে আসা সবজি শাহ আলম বলেন, “সমেশপুরের চারা নিঃসন্দেহে ভালো। গত দশ বছর ধরে আমি এখান থেকে চারা নিয়ে শীতের আগাম জাতের সবজি চাষ করছি। চট্টগ্রাম, সিলেট থেকেও অনেকে আসেন চারা কিনতে। চারা ভালো হলে সবজিও ভালো হয়।”

জেলার নাঙ্গলকোট থেকে আসা কৃষক ফখরুল ইসলাম বলেন, “এই গ্রামে উৎপাদিত চারা নিয়ে সবজি চাষ করে বিগত সময়ে আমরা ভালো ফলন পেয়েছি। এ জন্যই প্রতিবছর এখান থেকেই চারা নিয়ে যাই।”

বুড়িচং থেকে প্রতি বছর চারা নেন জানিয়ে কামাল হোসেন নামে ফেনী থেকে আসা এক সবজি চাষি বলেন, “এখানের চারার মান বেশ ভালো এবং দামেও সাশ্রয়ী।”

এদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক লাগোয়া বড়িচং উপজেলার ডাকলাপাড়া গ্রামে সরেজমিনে গিয়ে দেখা যায়, মাঠে সারি সারি বীজতলা। কোনো কোনো বীজতলায় চারা নিয়ে ক্রেতা-বিক্রেতার দর কষাকষি চলছে।

কোনোটিতে ক্রেতার জন্য চারা তোলা হচ্ছে। কোনোটিতে পানি ছিটান হচ্ছে। কেউ জমির কোণে স্থাপিত মাচার নিচে বসে বিশ্রাম নিচ্ছেন।

ওই গ্রামের কৃষক ইমাম হোসেনসহ কয়েকজন জানান, বর্তমানে বীজ ও সারের দাম বাড়ায় লাভ কম হচ্ছে। কয়েক বছর আগেও এক কেজি ফুলকপির বীজের দাম ছিল ৭৫ হাজার টাকা, বর্তমানে তা ৯৬ হাজার টাকায় দাঁড়িয়েছে।

বুড়িচং উপজেলা কৃষি কর্মকর্তা আফরিণা আক্তার বলেন, কুমিল্লার ১৭টি উপজেলার মধ্যে বেশি চারা উৎপাদন হয় বুড়িচংয়ে। এর মধ্যে উপজেলার সমেশপুর শীর্ষে। এখানের অর্থনীতিতে চারা উৎপাদন ভালো ভূমিকা রাখছে।

“তাদের আমরা কারিগরি সহযোগিতা দিচ্ছি। মাঠ পর্যায়ে আমাদের কৃষি কর্মকর্তারা ভালো চারা উৎপাদনে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছেন।”

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক আইউব মাহমুদ জানান, কুমিল্লা জেলায় ১১৪ হেক্টর জমিতে আট মাস কয়েক ধাপে চারা উৎপাদন হয়।

“আমরা প্রশিক্ষণ দিয়ে কৃষকদের আরও দক্ষ করে তুলতে কাজ করছি। কুমিল্লার সবজির চারার চাহিদা দেশজুড়ে। দেশের সবজির চারার চাহিদার বড় একটা অংশের উৎপাদন হয় কুমিল্লায়,” বলেন আইউব মাহমুদ।