২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশের চেয়ে প্রস্তুতি ভালো ওয়েস্ট ইন্ডিজের? যা বললেন শান্ত

বাংলাদেশ সফরের আগে চেন্নাইয়ে ক্যাম্প করেছে ক্যারিবিয়ানরা, ঢাকায় এসে অনুশীলন করার পাশাপাশি খেলেছে প্রস্তুতি ম্যাচও।

বাংলাদেশের চেয়ে প্রস্তুতি ভালো ওয়েস্ট ইন্ডিজের? যা বললেন শান্ত

সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত। ছবি: শামছুল হক রিপন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 27 Oct 2026, 03:18 PM

Updated : 27 Oct 2026, 03:31 PM

ম্যাচের আগের দিন এখন অনেক সময়ই দলগুলি কম অনুশীলন করে বা ঐচ্ছিক অনুশীলন সেশন থাকে। কিন্তু একেবারেই অনুশীলন না করার ব্যাপারটি বেশ বিরল। ওয়েস্ট ইন্ডিজ বেছে নিল সেই পথই। বাংলাদেশের বিপক্ষে সিরিজ শুরুর আগের দিন পুরোপুরি বিশ্রামেই কাটালেন ক্যারিবিয়ানরা। তার পরও দুই দলের সংবাদ সম্মেলনে প্রশ্নটি উঠল, বাংলাদেশের চেয়ে ওয়েস্ট ইন্ডিজই কি বেশি প্রস্তুত?

প্রশ্নটি উঠছে যৌক্তিক কারণেই। ক্যারিবিয়ানরা যখন ঢাকায় পা রাখে, বাংলাদেশের ওয়ানডে দল তখনও ত্রিদেশীয় সিরিজে খেলছে সংযুক্ত আরব আমিরাতে। টেস্ট দলের বেশ কজন ছিলেন ওয়ানডে স্কোয়াডেও। তারা দেশে ফেরার পর গোটা স্কোয়াড একসঙ্গে টেস্টের প্রস্তুতি নিতে পেরেছে স্রেফ দুটি দিন।

ক্যারিবিয়ানরা এই সিরিজের জন্য কন্ডিশন ও উইকেটের সঙ্গে মানিয়ে নিতে ১০ দিনের ক্যাম্প করেছে চেন্নাইয়ে সুপার কিংস একাডেমিতে। ঢাকায় আসার পর অনুশীলন সেশন তো ছিলই, প্রস্তুতি পর্বে ছিল দুই দিনের গা গরমের ম্যাচও। সিরিজের জন্য সফরকারীদের প্রস্তুতিই বেশি ভালো বললে তাই দ্বিমত করার সুযোগ সামান্য।

মিরপুরে মঙ্গলবার সংবাদ সম্মেলনে অবশ্য প্রস্তুতির তুলনামূলক বিচারে যেতে চাইলেন না বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

“প্রতিপক্ষ দল কতটা প্রস্তুত হয়েছে না হয়েছে, এটা নিয়ে আসলে আমি খুব বেশি চিন্তা করছি না। আমরা কত ভালো হয়ে তৈরি হয়ে ম্যাচটা খেলতে পারি, এটা গুরুত্বপূর্ণ। ওই জায়গাটা থেকে খুশি আছি।”

আফগানিস্তানের বিপক্ষে আবু ধাবি টেস্টের পর দেশে ফিরে টেস্ট বিশেষজ্ঞ ক্রিকেটাররা ক্যারিবিয়ানদের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিলেন বেশ কয়েক দিন আগে থেকেই। তাদের সঙ্গে অন্যরা মিলিয়ে প্রস্তুতি যা হয়েছে, তাতে সন্তুষ্টই বাংলাদেশ অধিনায়ক।

“আমি বলব যে ভালো প্রস্তুতি নিতে পেরেছি। বিশেষ করে, আফগানিস্তান সিরিজের পরে (ত্রিদেশীয় সিরিজ) যে ক্রিকেটাররা দেশে চলে এসেছিল, তারা আগেভাগেই অনুশীলন শুরু করেছে। আমার মনে হয় যে আমরা ভালো প্রস্তুতি নিয়েছি এবং কন্ডিশনটা আমাদের জানাই। স্বাভাবিকভাবে ধারণা তো আছে। প্রস্তুতি নিয়ে বলব যে, আমি খুশি আছি।”

তার পরও চ্যালেঞ্জ যেটুকু আছে, অভিজ্ঞতা দিয়েই তা জয় করতে আশাবাদী শান্ত।

“প্রত্যেকটা সিরিজে তো চ্যালেঞ্জ থাকবেই। প্রত্যেক সিরিজেই অনেক কঠিন সময় আসে। তবে আমার মনে হয়, আমাদের ক্রিকেটাররা যথেষ্ট অভিজ্ঞ এবং সবশেষ কয়েক বছর ধরে আমরা এভাবেই ক্রিকেট খেলছি। সিরিজ ধরে ধরে ব্যাপারগুলি অনেকটাই অ্যাডজাস্ট হয়েছে।

আরও অ্যাডজাস্টমেন্টের দরকার আছে, তবে আমি বলব যে আগের থেকে অনেক ভালো এখন। প্রস্তুতির দিক থেকে দল ভালো অবস্থানে আছে। যতটুকু সময় পেয়েছে, যার যে জায়গাটাতে প্রস্তুতি নেওয়ার দরকার ছিল, নিতে পেরেছে।”

দুই দলের প্রস্তুতির তুলনা করলেন না রস্টন চেইসও। তবে নিজেদের প্রস্তুতিতে দারুণ খুশি ক্যারিবিয়ান অধিনায়ক। কন্ডিশন যদিও এখানে সহজ নয়। কার্তিক মাসের মাঝামাঝি চলে এলেও গরম এখনও প্রচণ্ড। তবে এই কন্ডিশনের সঙ্গেও দল মানিয়ে গেছে বলে জানালেন তিনি।

“আপনি যেমনটা বললেন, দলের বেশিরভাগ ক্রিকেটারই চেন্নাইয়ের ক্যাম্পে ছিল এবং যারা ছিল না, তারা ভারতে সাদা বলের সিরিজে ছিল। (এখানে আসার পর) পুরো দল হিসেবে আমরা ভালো অনুশীলন করেছি এবং একটা প্রস্তুতি ম্যাচও খেলেছি। তাই আমার মনে হয় ছেলেরা এই পরিস্থিতিতে স্বচ্ছন্দই আছে। আমরা কঠোর পরিশ্রম করে যাচ্ছি।

আবহাওয়াটা একটু গরম, স্বাভাবিকের চেয়ে বেশি গরম। কিন্তু আমি যেমনটা বললাম, ছেলেরা এখনও পর্যন্ত এই কন্ডিশনও উপভোগ করছে এবং আমরাও স্পষ্টতই এর সঙ্গে মানিয়ে নিয়েছি।”