রূপগঞ্জে পুকুরে গোসলে নেমে ৩ স্কুলছাত্রীর মৃত্যু
সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে তিন স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
রোববার দুপুরে গোলাকান্দাইল ইউনিয়নের ডহরগাঁ কবরস্থানের পাশের একটি পুকুরে এ ঘটনা ঘটে বলে ভুলতা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোস্তাফিজুর রহমান জানান।
নিহতরা হলো- সুবর্ণা আক্তার (১২), মারিয়া (১০) ও আফসানা আক্তার লামিয়া (১১)৷ তারা হোরগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিল। তাদের মধ্যে দুজন দ্বিতীয় শ্রেণিতে ও একজন তৃতীয় শ্রেণিতে পড়াশোনা করত৷
পরিদর্শক মোস্তাফিজুর জানান, দুপুরে ১টার দিকে ওই তিন শিশু পুকুরে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা পানিতে তলিয়ে যায়।
পানিতে ভাসতে দেখে স্থানীয়রা তাদের উদ্ধার করে রূপগঞ্জের ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন৷
সাঁতার না জানায় তারা পানিতে তলিয়ে যায় বলে ধারণা করছে পুলিশ।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান পরিদর্শক মোস্তাফিজুর৷
