১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে মাইক্রোবাসের ধাক্কায় বউ-শাশুড়ির মৃত্যু, শিশু আহত

অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2023, 12:40 PM

Updated : 18 Apr 2023, 12:40 PM

ময়মনসিংহের নান্দাইল উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী এক নারী ও তার শাশুড়ির মৃত্যু হয়েছে। এতে গুরুতর আহত হয়েছে ওই নারীর সাত মাস বয়সী শিশু।

সোমবার সন্ধ্যায় ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের অরণ্যপাশা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন নান্দাইল হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম।

নিহতরা হলেন, উপজেলার অরণ্যপাশা পূর্বপাড়া এলাকার আব্দুল হেকিমের স্ত্রী জহুরা খাতুন (৫৫) ও জহুরা খাতুনের ছেলে উজ্জল মিয়ার স্ত্রী বৃষ্টি আক্তার (২৪)। আহত সাত মাস বয়সী শিশু মুক্তা মনি নিহত বৃষ্টির মেয়ে।

ওসি শফিকুল জানান, সোমবার সন্ধ্যার দিকে অরণ্যপাশা এলাকায় ময়মনসিংহগামী একটি অটোরিকশাকে দ্রুত গতির মাইক্রোবাস পিছন থেকে ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী দুই নারী ও এক শিশু ছিটকে রাস্তায় পড়ে।

“পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়ার পথে দুই নারীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হয়। ”

কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালের চিকিৎসক শিশু বিশেষজ্ঞ সুবীর নন্দী বলেন, “শিশু মুক্তা মণির মাথায় আঘাত পাওয়ায় অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। তাকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের নিউরো সার্জারি বিভাগে পাঠানো হয়েছে। সেখানে তার দ্রুত অপারেশন করতে হবে। “

ওসি শফিকুল বলেন, অটোরিকশাকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসটি দ্রুত গতিতে পালিয়ে গেছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।