২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে অস্ত্র বহনের দায়ে যুবকের ২২ বছরের কারাদণ্ড

২০১৬ সালে একটি পিস্তল ও দুইটি গুলিসহ আল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

ঝালকাঠিতে অস্ত্র বহনের দায়ে যুবকের ২২ বছরের কারাদণ্ড

ঝালকাঠি জেলা ও দায়রা জজ আদালত।

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2023, 06:15 PM

Updated : 29 Aug 2023, 06:15 PM

ঝালকাঠিতে অস্ত্র মামলার দুইটি ধারায় একজনকে ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।

মঙ্গলবার ঝালকাঠির বিশেষ ট্রাইবুনালের বিচারক মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল মান্নান রসুল জানান।

দণ্ডিত আল আমিন খান (৩৫) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের বাসিন্দা।

মামলার বরাত দিয়ে পিপি আব্দুল মান্নান রসুল বলেন, ২০১৬ সালের ৯ মে রাত ৮টায় ওই উপজেলার দপদপিয়া চৌমাথায় ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানের সামনে র‌্যাব-৮ এর একটি দল অভিযান চালায়।

তিনি বলেন, এ সময় একটি পিস্তল ও দুইটি গুলিসহ আল আমিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

পিপি আরও বলেন, এ ঘটনায় র‌্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম বাদী হয়ে ওই রাতেই আল আমিনের বিরুদ্ধে নলছিটি থানায় মামলা করেন।

তদন্ত শেষে এসআই সোলায়মান আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর ১১ জনের সাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় দেয়।

রায়ে আদালত অস্ত্র আইনের দুটি ধারায় তাকে ১২ ও ১০ করে মোট ২২ বছরের কারাদণ্ড দেয় বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।

আসামি পক্ষে আইনজীবী নাসির উদ্দিন কবির বলেন, এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।