০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

৬০ বছরের লুকোচুরির পর নতুন বাস্তবতার মুখে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি

ইসরায়েল তাদের পারমাণবিক অস্ত্রাগার থাকার কথা আনুষ্ঠানিকভাবে কখনও স্বীকার বা অস্বীকার করেনি। তবে দেশটির হাতে প্রায় ৯০টি পারমাণবিক ওয়ারহেড আছে বলে ধারণা করা হয়।

৬০ বছরের লুকোচুরির পর নতুন বাস্তবতার মুখে ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি

ছবি: সিএনএন

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 09 Nov 2026, 10:28 PM

Updated : 09 Nov 2026, 10:28 PM

ইসরায়েলের গোপন পারমাণবিক অস্ত্র কর্মসূচি নিয়ে গত ৬০ বছর ধরে ওয়াশিংটন ও তেল আবিবের বজায় রাখা ‘কৌশলগত অস্পষ্টতা’ বা নীরবতার নীতি এখন এক অভূতপূর্ব ও কঠিন নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে।

১৯৬০-এর দশক থেকে শুরু হওয়া এই দীর্ঘ লুকোচুরি পশ্চিম এশিয়ার বর্তমান সংঘাত ও যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীন রাজনৈতিক পট পরিবর্তনের কারণে বড় ধরনের সংকটে পড়েছে।

‘টেক্সটাইল কারখানা’র আড়ালে পরমাণু বোমা

১৯৬০ সালের শুরুর দিকের ঘটনা। একটি সামরিক হেলিকপ্টারে চড়ে ইসরায়েলের নেগেভ মরুভূমির ওপর দিয়ে যাচ্ছিলেন একদল মার্কিন কূটনীতিক। সেই দলে ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডও ছিলেন।

ডেড সি বা মৃত সাগরের প্রায় ২০ মাইল পশ্চিমে মরুভূমির বুকে হঠাৎ একটি বড় নির্মাণাধীন স্থাপনা চোখে পড়ে মার্কিন রাষ্ট্রদূত ওগডেন রিডের।

সঙ্গে থাকা ইসরায়েলি অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও গাইড অ্যাডি কোহেনের কাছে বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে তিনি অত্যন্ত নিস্পৃহভাবে দাবি করেন, এটি একটি ‘টেক্সটাইল কারখানা’ বা কাপড়ের মিল।

কয়েক মাসের ব্যবধানে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ডিমোনার সেই তথাকথিত কাপড়ের কারখানার আসল পরিচয় বের করে ফেলে।

উন্মোচিত মার্কিন গোপন তারবার্তা অনুযায়ী, ওয়াশিংটন নিশ্চিত হয় যে, মরুভূমির বালুতে গড়ে ওঠা স্থাপনাটি কোনও কারখানা নয়; বরং পশ্চিম এশিয়ার একমাত্র পারমাণবিক অস্ত্রাগারের উৎস।

পরবর্তীতে ইসরায়েলি কর্মকর্তাদের কাছে কোহেনের ওই জবাবটিই একটি স্থায়ী রূপক বা কোড নামে পরিণত হয়।

চলতি বছরের ১৪ জুলাই দেওয়া এক ভাষণে দেশটির পারমাণবিক শক্তি কমিশনের প্রধানের সঙ্গে বৈঠককে ‘টেক্সটাইল কারখানার বৈঠক’ বলে কৌতুক করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও।

ইতিহাসবিদদের চোখে যা পরিণত হয়েছিল ‘বিশ্বের সবচেয়ে ওপেন সিক্রেট’-এ, সেই নীতিটিই ছিল, ইসরায়েল কখনও আনুষ্ঠানিকভাবে নিজের পারমাণবিক কর্মসূচির কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করবে না; আর যুক্তরাষ্ট্রও এ নিয়ে প্রকাশ্যে কোনও প্রশ্ন তুলবে না।

গত ৬০ বছর ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল বিষয়টি নিয়ে লুকোচুরি খেলেছে। ইসরায়েলের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি কেউই। এর মাধ্যমে তারা এক ধরনের অস্পষ্টতা বা ধোঁয়াশা তৈরি করে রেখেছে।

ইসরায়েলের কর্মকর্তারা পারমাণবিক অস্ত্রের দিকে ইঙ্গিত করতে চাইলেই আমেরিকান কূটনীতিকদেরকে বলা অ্যাডি কোহেনের সেই বানিয়ে বলা জবাবটি পুনর্ব্যক্ত করা হয়ে এসেছে।

এই নীতি একদিকে, যুক্তরাষ্ট্রকে অন্যান্য দেশের পারমাণবিক অস্ত্র তৈরির বিরুদ্ধে প্রকাশ্যে অবস্থান নিতে সাহায্য করেছে। অন্যদিকে, ইসরায়েল কীভাবে এই অস্ত্র পেল বা আদৌ পেল কি না সে সংক্রান্ত জটিল প্রশ্ন এড়াতেও সহায়ক হয়েছে।

চুরির ইউরেনিয়াম ও পরিদর্শকদের চোখে ধুলো

প্রকাশিত মার্কিন নথিপত্রে দেখা যায়, ১৯৬৫ সালের দিকে যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়ার একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কারখানা থেকে সমরাস্ত্র-মানের শত শত পাউন্ড ইউরেনিয়াম হঠাৎ নিখোঁজ হয়ে যায়।

মার্কিন গোয়েন্দাদের ধারণা এবং পরবর্তী বিভিন্ন তথ্যচিত্রে উঠে আসে, সেই ইউরেনিয়াম গোপনে ইসরায়েলের পরমাণবিক অস্ত্র কর্মসূচিতে স্থানান্তর করা হয়েছিল।

কয়েক দশক ধরে মার্কিন পরিদর্শকদের চোখে ধুলো দিতে ডিমোনা কেন্দ্রের নিচে গোপনে তৈরি করা হয়েছিল বোমা তৈরির প্লুটোনিয়াম ল্যাব।

২০২৪ সালে হিব্রু ভাষার একটি প্রামাণ্যচিত্রে ইসরায়েলি গোয়েন্দা সংস্থার সাবেক প্রধানের সাক্ষাৎকারে ফাঁস হয় যে, মার্কিন পরিদর্শকরা পরিদর্শনে আসার আগেই ল্যাবে যাওয়ার গোপন লিফটটি ইট-সিমেন্ট দিয়ে স্থায়ীভাবে দেয়াল তুলে ঢেকে দেওয়া হত।

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের হিসাব এবং বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে ইসরায়েলের অস্ত্রাগারে অন্তত ৯০টি সক্রিয় পারমাণবিক ওয়ারহেড রয়েছে।

নিক্সন-মেয়ার গোপন চুক্তি ও ভানুনুর তথ্য ফাঁস

স্নায়ুযুদ্ধকালীন বাস্তবতায় এই গোপনীয়তার ভিত্তি রচিত হয়েছিল। ওয়াশিংটন ও তেল আবিব উভয়েই আশঙ্কা করছিল, ইসরায়েল পারমাণবিক শক্তিধর হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দিলে সোভিয়েত ইউনিয়ন আরব দেশগুলোকেও পাল্টা পরমাণু অস্ত্র তৈরিতে প্ররোচিত করবে।

১৯৬৯ সালের জুলাইয়ে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের কাছে পাঠানো এক গোপন মেমোতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হেনরি কিসিঞ্জার লিখেছিলেন, ইসরায়েল এনপিটি (পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি) স্বাক্ষর না করলেও ওয়াশিংটনের লক্ষ্য হওয়া উচিত তাদের এই সক্ষমতা যেন কোনো আনুষ্ঠানিক আন্তর্জাতিক স্বীকৃতি না পায়।

ওই বছরের সেপ্টেম্বরে হোয়াইট হাউজে কোনো সহকারী ছাড়াই নিক্সন ও ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ারের মধ্যে একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়। কোনো আনুষ্ঠানিক লিখিত নথি না থাকলেও ওই বৈঠকেই অলিখিত চুক্তি হয়, ইসরায়েল প্রকাশ্যে কোনও পারমাণবিক পরীক্ষা চালাবে না বা ঘোষণা দেবে না, আর বিনিময়ে যুক্তরাষ্ট্রও তাদের ওপর পারমাণবিক নিরস্ত্রীকরণের চাপ বন্ধ রাখবে।

তবে ১৯৮৬ সালে ডিমোনার সাবেক টেকনিশিয়ান মোর্দেশাই ভানুনু লন্ডনের ‘সানডে টাইমস’ পত্রিকার কাছে গোপন ছবি ও বিস্তারিত তথ্য ফাঁস করে দিলে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়।

খবর প্রকাশের আগেই মোসাদের এক নারী এজেন্ট ভানুনুকে রোম থেকে কৌশলে ফাঁদে ফেলে অপহরণ করে ইসরায়েলে নিয়ে যায়।

দেশদ্রোহের দায়ে ১৮ বছর নির্জন কারাবাস ভোগ করতে হয় ভানুনুকে। শীতল যুদ্ধের অবসানের পর বিল ক্লিনটন প্রশাসন থেকে শুরু করে পরবর্তী মার্কিন সরকারগুলো গোপনে লিখিত আশ্বাস দিয়ে তেল আবিবকে পারমাণবিক নিরস্ত্রীকরণ থেকে অব্যাহতি দিয়ে আসছিল।

নতুন বাস্তবতা: ইরান যুদ্ধ ও সৌদি আরবের পারমাণবিক চুক্তি

ছয় দশক ধরে চলে আসা এই স্থিতাবস্থা এখন নতুন এক ভূরাজনৈতিক বাস্তবতার মুখে দাঁড়িয়েছে।

ইরানের পারমাণবিক অস্ত্র অর্জন রুখতে বর্তমানে তেহরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বোমাবর্ষণে একাধিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও ইরানের কাছে এখনও প্রায় এক হাজার পাউন্ড অতি-সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত রয়েছে।

কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিশেষজ্ঞ জেমস অ্যাক্টনের মতে, আগামী তিন বছরের মধ্যে ইরানের পরমাণু বোমা তৈরির সম্ভাবনা এখন ৫০ শতাংশ।

অন্যদিকে, সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বারবার হুঁশিয়ারি দিয়েছেন, ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করলে সৌদি আরবও তা করবে।

রিয়াদকে নিজ মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধ করার সুযোগ দিয়ে একটি পারমাণবিক চুক্তি বর্তমানে মার্কিন কংগ্রেসে অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোও পারমাণবিক সক্ষমতা অর্জনের দিকে এগোচ্ছে, ফলে ইসরায়েলের একচ্ছত্র পারমাণবিক আধিপত্যের বাস্তবতা বদলে যাচ্ছে। ইসরায়েলের এই কর্মসূচির গোপনীয়তার নীতি বজায় রাখা ক্রমশ অসম্ভব হয়ে উঠছে।

সহায়তা কর্তনের হুমকি ও ওয়াশিংটনে নীতি বদলের চাপ

ইসরায়েলের পারমাণবিক কর্মসূচিতে যুক্তরাষ্ট্রের দীর্ঘকালীন নিঃশর্ত সমর্থনের ভিত্তিও এখন কাঁপতে শুরু করেছে।

গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন, চলতি বছরের শেষে ইসরায়েলকে দেওয়া বার্ষিক প্রায় ৪০০ কোটি (৪ বিলিয়ন) ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্র বন্ধ করে দিতে পারে; কারণ “তাদের আর এর প্রয়োজন নেই।”

ওদিকে, মার্কিন কংগ্রেসের ডেমোক্র্যাট আইনপ্রণেতারাও ইসরায়েলের পারমাণবিক অস্ত্র নিয়ে যুক্তরাষ্ট্রের ভান বন্ধ করার জোরালো দাবি তুলেছেন।

হাউজ ইন্টেলিজেন্স কমিটির প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য হোয়াকিন ক্যাস্ট্রো সম্প্রচারমাধ্যম সিএনএন-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, “ইসরায়েলের পারমাণবিক অস্ত্রাগার নিয়ে যুক্তরাষ্ট্রের এই অস্পষ্টতার নীতি এখন বেপরোয়া ও অত্যন্ত বিপজ্জনক হয়ে উঠেছে।”

তিনি বলেন, “ইসরায়েলের পাশে থেকে যুদ্ধে অংশ নেওয়া, অথচ পারমাণবিক অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে তাদের ‘রেড লাইন’ বা সীমারেখা কী তা না জানা এবং তাদের পারমাণবিক স্থাপনায় হামলা হলে আমাদের জরুরি পরিকল্পনা কী হবে তা স্পষ্ট না রাখা চরম ঝুঁকিপূর্ণ।”

গত জুনে কংগ্রেসের উন্মুক্ত শুনানিতে ক্যাস্ট্রোর প্রশ্নের মুখে বর্তমান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও বলেন, “আমি মনে করি বিশ্বের বেশিরভাগ মানুষই বিশ্বাস করে যে তাদের পারমাণবিক অস্ত্র রয়েছে। তবে তারা কখনো তা প্রকাশ্যে স্বীকার করেনি; আর আমাদের পররাষ্ট্রনীতির অংশ হিসেবেও নানা কারণে আমরা এটি নিয়ে এভাবে আলোচনা করি না।”

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক কৌশলবিদ অধ্যাপক ম্যাথিউ ক্রোয়েনিগ সতর্ক করে বলেন, পশ্চিম এশিয়ার অনিয়ন্ত্রিত পারমাণবিক অস্ত্র প্রতিযোগিতা কারও জন্যই মঙ্গলজনক নয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে কয়েক মাসের যুদ্ধর পরও ইরানের কাছে এখনও প্রায় ১ হাজার পাউন্ড উচ্চ মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে। সেই ইউরেনিয়ামের অনেকটাই গত বছর মার্কিন বিমান হামলায় ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোতে চাপা পড়লেও ‘কার্নেগি এনডাউমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের’ পারমাণবিক বিষয়ক বিশেষজ্ঞ জেমস অ্যাক্টন সিএনএন-কে বলেন, তিনি মনে করেন “আগামী তিন বছরের মধ্যে ইরানের পারমাণবিক বোমা অর্জনের ৫০-৫০ সম্ভাবনা রয়েছে।”

টেক্সাসের কংগ্রেস সদস্য ক্যাস্ট্রোও একমত যে, ইসরায়েলের অস্ত্রাগার নিয়ে যুক্তরাষ্ট্রের অস্পষ্টতার নীতি একসময় সঠিক কৌশল ছিল, তবে এখন এটি পরিহার করার সময় এসে গেছে।

তিনি বলেন, “১৯৫০, ৬০ ও ৭০-এর দশকের সেই দিনগুলোর পর থেকে অনেক কিছু বদলেছে। সেই সময়ের তুলনায় এখন ভূরাজনৈতিক প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন, কিন্তু এই অস্পষ্টতার নীতি কখনও বদলায়নি।”

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের পারমাণবিক কৌশলবিদ অধ্যাপক ম্যাথিউ ক্রোয়েনিগের মতে, ইরান যদি শেষ পর্যন্ত পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়, তখন এমন এক অনিবার্য দৃশ্যপট তৈরি হবে যে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের দীর্ঘ ৬০ বছরের এই গোপনীয়তার চাদর সরানোটাই উচিত হয়ে দাঁড়াবে।