২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জের মহাসড়কে গেল ৩ কলেজছাত্রের প্রাণ

নাটোরের দিকে যাওয়ার পথে কোনো একটি গাড়ি পেছন থেকে তাদের মোটারসাইকেলকে চাপা দেয়।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2023, 10:35 AM

Updated : 06 Mar 2023, 10:35 AM

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী তিন কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার সকাল সাড়ে ৬টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মান্নাননগর এলাকায় পেট্রোল পাম্পের পাশে এ দুর্ঘটনা ঘটে বলে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি বদরুল আলম জানান।

নিহতরা হলেন- নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের ছাত্র ও সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুলঘাগড়াখালি গ্রামের বারেক সরকারের ছেলে আলমগীর হোসেন, রাজশাহীর পুঠিয়া উপজেলার নন্দনপুর গ্রামের হেলাল উদ্দিনের ছেলে ও নাটোর সিটি কলজের ছাত্র সুজন হোসেন এবং একই কলেজের ছাত্র সিয়াম আহমেদ। 

ওসি বদরুল আলম জানান, ওই তিন তরুণ একটি মটরসাইকেলে করে নাটোরের দিকে যাচ্ছিলেন। পথে কোনো একটি গাড়ি পেছন থেকে তাদের চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

“খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের লাশ উদ্ধারের পর হাইওয়ে থানায় রাখা হয়েছে। স্বজনদের সংবাদ দেওয়া হয়েছে। তারা এলে নিহতের বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানা যাবে,” বলেন ওসি।