১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

যৌতুক: সাতক্ষীরায় তরুণীকে পিটিয়ে-শ্বাসরোধে হত্যায় স্বামী আটক

মাস তিনেক আগে আমিরুল ইসলামের সঙ্গে খাদিজা খাতুনের বিয়ে হয়েছিল।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2025, 02:31 PM

Updated : 10 Sep 2026, 12:29 PM

সাতক্ষীরা সদর থানায় যৌতুকের দাবিতে এ তরুণীকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামীকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। 

মঙ্গলবার ভোরে সাতক্ষীরার সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের মাধবকাটি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ওসি সামিনুল ইসলাম। 

নিহত খাদিজা খাতুন (১৯) সদর উপজেলার নারায়নজোল গ্রামের সিদ্দিকুর রহমান ওরফে সিদ্দিক মালির মেয়ে। 

মাস তিনেক আগে সদর উপজেলার মাধবকাটি গ্রামের এলাহী বক্সের ছেলে আমিরুল ইসলামের (২৩) সঙ্গে তার বিয়ে হয়েছিল। 

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে ওসি সামিনুল ইসলাম বলেন, বিয়ের কিছুদিন পর থেকে আমিরুল শ্বশুরের কাছ থেকে দুই লাখ টাকা আনার জন্য স্ত্রী খাদিজার উপরে চাপ প্রয়োগ করতে থাকে। খাদিজা টাকা আনতে বাবার বাড়ি যেতে রাজি না হওয়ায় তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাতে থাকে আমিরুল। 

“এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে আমিরুল লাঠি দিয়ে খাদিজার মাথায় আঘাত করে। পড়ে খাদিজা মাটিতে লুটিয়ে পড়লে মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে আমিরুল।”

ওসি আরও বলেন, “এ ঘটনার পর আমিরুল উন্মাদের মত ‘অভিনয়’ করতে থাকে। বাড়ির আসবাবপত্র ভাঙচুর করতে থাকে। কিন্তু স্ত্রীকে হত্যার বিষয়টি বুঝতে পেরে স্থানীয়রা আমিরুলকে ঘরের মধ্যে আটকে রাখে।” 

পরে তাকে পুলিশের কাছে তুলে দেয়।

ওসি সামিনুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। স্বামী আমিরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থার প্রস্তুতি চলছে।